বাংলা হান্ট ডেস্কঃ ডিএ ইস্যুতে মনিটরিং কমিটির বৈঠক নিয়ে টালবাহানা অব্যাহত। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের (Government Employees) পঞ্চম পে কমিশন সংক্রান্ত বকেয়া ডিএ (Dearness Allowance) সংক্রান্ত যে বৈঠক শেষবার দিল্লিতে হওয়ার কথা ছিল, তবে তা ‘বিশেষ কারণে’ বাতিল হয়ে যায়। তারপর থেকে আর এই সংক্রান্ত কোনও আপডেট নেই। কবে হবে মনিটরিং কমিটির বৈঠক? এবার সরকারি কর্মীদের স্বার্থে ময়দানে নামল সংগ্রামী যৌথ মঞ্চ।
বিচারপতি ইন্দু মালহোত্রাকে চিঠি যৌথ মঞ্চের | Dearness Allowance
এর আগে ১২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে হতে চলা ডিএ বৈঠকে বাতিল হয়ে যায়। সেই সময় অর্থদপ্তর তরফে বলা হয়, এরপর কবে বৈঠক হবে তা পরে জানানো হবে। যদিও এখনও পর্যন্ত বৈঠকের পরবর্তী দিনক্ষণ নিয়ে কোনও আপডেট নেই। তাতেই ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যাতে দ্রুত বৈঠক আয়োজন করা হয় সেই আর্জি জানিয়ে প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রাকে যৌথ মঞ্চের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বৈঠকের জন্য সংগ্রামী যৌথ মঞ্চের সমন্বয়ককেও দিল্লি যাওয়ার জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। তাই বৈঠকের দিনক্ষণ দ্রুত নির্ধারণ করার হোক। পুজোর ছুটি শুরু হওয়ার আগেই যদি মনিটরিং কমিটির বৈঠকটি করা সম্ভব হয়, সংশ্লিষ্ট সব পক্ষের সুবিধা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সমাজমাধ্যমে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ লিখেছেন, ‘গত ১২/০৯/২০২৬ তারিখে সুপ্রিম কোর্টে DA CASE এ যুক্ত সংগ্ৰামী যৌথ মঞ্চ সহ আরো দুটি সংগঠনের সাথে সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি মালহোত্রা কমিটির বৈঠক ছিল। কিন্তু কিছু কারনে বৈঠক বাতিল হবার পরে এই নিয়ে আর কোনো বার্তা কমিটির কাছ থেকে না পেয়ে আজ আমাদের AOR Dharmaprabhash Law Associates এর পক্ষ থেকে অতি দ্রুত বৈঠক চেয়ে চিঠি দেওয়া হলো। আশাকরি তাড়াতাড়িই এই বৈঠক অনুষ্ঠিত হবে।’

উল্লেখ্য, ডিএ নিয়ে সিদ্ধান্ত নিতে সুপ্রিম কোর্ট কয়েকমাস আগে মালহোত্রা কমিটি গঠন করে দেয়। কোর্টের নির্দেশ অনুযায়ী, অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন মনিটরিং কমিটি, মামলার সংশ্লিষ্ট পক্ষগুলির আইনজীবী ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা। গত ১৮ আগস্ট কর্মচারী সংগঠনগুলির পক্ষে যে ১০ জনের নাম অনুমোদন করে দিয়েছে সর্বোচ্চ আদালত, তাঁদের নিয়েই হবে পরবর্তী বৈঠক।














