বাংলা হান্ট ডেস্কঃ উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষা চলছে। একই সঙ্গে একাদশ শ্রেণির পরীক্ষাও চলছে। এর মধ্যেই রাজ্যের উচ্চপ্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিকে (West Bengal Schools) নতুন করে কর্মসূচি করার নির্দেশ দিল শিক্ষা দফতর। ‘সেবা সংকল্প অভিযান’-এর মধ্যে এই কর্মসূচি হবে। ২৩ সেপ্টেম্বর বক্তৃতা, অঙ্কন, গান ও নাটকের আয়োজন করতে বলা হয়েছে।
West Bengal Schools : পরীক্ষার মাঝে ফের কর্মসূচির নির্দেশ
২১ সেপ্টেম্বর জেলা স্কুল পরিদর্শকদের এই নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ৮ সেপ্টেম্বরও স্কুলগুলিকে (West Bengal Schools)কয়েকটি কর্মসূচি করার কথা জানানো হয়েছিল। ‘নরেন্দ্র মোদীর দেশসেবার ২৫ বছর পূর্তি’ উপলক্ষে এই কর্মসূচিগুলি হচ্ছে বলে জানানো হয়েছে। ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবরের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান করার কথা রয়েছে। এর মধ্যে ‘২৫ ক্রোড় বাচ্চোকে স্বপ্নো কা ভারত’ এবং ‘নমো সেবা— অনকহি কাহানিয়াঁ’ নামে দু’টি কর্মসূচি রয়েছে।
দফতর জানিয়েছে, আগের বার জানানো হলেও এখনও কিছু স্কুল এই কর্মসূচির কথা জানে না। যদিও জেলা স্কুল পরিদর্শকেরা ই-মেল, হোয়াটসঅ্যাপ-সহ বিভিন্ন মাধ্যমে স্কুলগুলিকে জানানো হয়েছে বলে জানিয়েছিলেন। তাই এবার ফের সব স্কুলকে বিষয়টি জানাতে বলা হয়েছে। একই সঙ্গে পড়ুয়াদের যাতে অনুষ্ঠানে অংশ নিতে পারে, সেটাও দেখতে হবে।
‘২৫ কোটি বাচ্চোকে স্বপ্নো কা ভারত’ কর্মসূচিতে ২৩ সেপ্টেম্বর বক্তৃতা ও অঙ্কন প্রতিযোগিতা হবে। যত বেশি সম্ভব পড়ুয়াকে এতে যোগ দিতে বলা হয়েছে। আর ‘নমো সেবা— অনকহি কাহানিয়াঁ’ কর্মসূচিতে যত বেশি সম্ভব স্কুলকে গান ও নাটকের অনুষ্ঠানে অংশ নিতে বলা হয়েছে।
কোন কোন স্কুলকে এই কর্মসূচির কথা জানানো হয়েছে, সেটাও জেলা স্কুল পরিদর্শকদের দেখতে হবে। পরে কর্মসূচি নিয়ে মতামতও জানাতে হবে। সেই লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
কেন বারবার নির্দেশ?
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, শিক্ষক ও পড়ুয়াদের জোর করে এই ধরনের অনুষ্ঠানে অংশ নিতে বাধ্য করা যায় না। তাঁর মতে, অনেক স্কুল (West Bengal Schools) হয়তো এই কর্মসূচিতে আগ্রহী হয়নি। তাই আবার করে স্কুলগুলিকে জানানো হচ্ছে।
তবে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহা সংঘের প্রদেশ সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক বলেন, এই কর্মসূচি আসলে ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবরের মধ্যে হওয়ার কথা ছিল। কিন্তু উচ্চমাধ্যমিকের সেমেস্টার পরীক্ষা চলায় ২৩ ও ২৬ সেপ্টেম্বর ছাড়া আর দিন ফাঁকা নেই। তাই এই দু’দিনে কর্মসূচি করার কথা বলা হয়েছে।

আরও পড়ুনঃ আমতলায় অভিষেকের পার্টি অফিস মামলায় ফের স্থগিতাদেশ বাড়াল হাই কোর্ট
বাপি প্রামাণিক আরও বলেন, ইতিমধ্যেই বিকাশ ভবন থেকে জেলা স্তরে বৈঠক হয়েছে। কিছু স্কুল কেন ঠিকভাবে জানতে পারেনি, তা তিনি জানেন না। তবে কোনও অনুষ্ঠান করার আগে একাধিকবার বৈঠক বা নতুন করে নির্দেশ দেওয়া হতেই পারে (West Bengal Schools)।














