বাংলা হান্ট ডেস্কঃ দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) সঙ্গে নানা ইস্যুতে দু’জন নির্বাচন কমিশনারের বিবাদের খবর সম্প্রতি সামনে এসেছে। সেই নিয়ে বর্তমানে তোলপাড় দেশ। এই আবহেই এবার জ্ঞানেশের গ্রেফতারির দাবিতে সরব হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি অভিযোগ করে বলেন, “জ্ঞানেশ কুমার আমাদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিয়েছেন।“
জ্ঞানেশ কুমারের জন্যই বিজেপি জিতেছেঃ মমতা | (Mamata Banerjee)
বুধবার ফেসবুক লাইভে এসে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যার ভ্যানিশ হওয়া দরকার তিনি ভ্যানিশ হলেই বিজেপির সব শেষ হয়ে যাবে। এই চেয়ারটা ওনার জন্য নয়। এসআইআরের নামে ইভিএম দখল করে, হাইজ্যাক করে জ্ঞানেশ কুমাররা বিজেপিকে জিতিয়েছে।“
আরও পড়ুনঃ পুজোর আগেই কমবে চিনি ও পেঁয়াজের দাম! রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে বিরাট ঘোষণা দিলীপের
মমতার অভিযোগ, শুধুমাত্র বিজেপির হয়ে কাজ করাই কমিশনের মূল লক্ষ্য। সেটা আজ সম্পূর্ণ দেশের সামনে ফাঁস হয়ে গিয়েছে। তাঁর দাবি, সবার আগে তাঁরাই এই আশঙ্কা প্রকাশ করেছিলেন। জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট চেয়ে চিঠিও দেওয়া হয়েছিল। তবে তাতে কোনও লাভ হয়নি।
মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, জ্ঞানেশ কুমারের জন্যই ২০২৪ সালে বিজেপি জিতেছিল। ২০২৫ ও ২০২৬ সালেও যত নির্বাচন হয়েছে, সেখানে কমিশনের জন্যই তাঁরা জয়লাভ করেছে। এমনকি এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও কমিশনের সাহায্যে লুঠ করে পদ্ম শিবির জিতেছে বলে অভিযোগ করেন তিনি। এই সূত্রে যেসব রাজ্যে বিজেপি জিতেছে সেখানে ফের পুরনো ভোটার তালিকায় ভোটের ব্যবস্থা করার দাবি জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী।

এদিন কমিশনের তথ্যপ্রযুক্তি শাখার ডিআইজি সীমা খান্না ও কমিশনের ত্রুটিপূর্ণ সফটওয়্যার নিয়েও সরব হন মমতা। তিনি বলেন, “বিজেপি সম্পূর্ণ কাউন্টিং হাইজ্যাক করেছিল। সীমা খান্নার ভূমিকাও খতিয়ে দেখতে হবে।“
মমতা এদিন বলেন, “জোর করে বাংলার ভোট লুট করা হয়েছে, আপনারা ভোটে জেতেননি। জোর করে ভোটে জিতে অত্যাচার চালাচ্ছে।“ একইসঙ্গে এসআইআরের নতুন মানে ব্যাখ্যা করে তিনি বলেন, এটি এখন স্পেশ্যাল ইনসেনটিভ ফর রুলিং পার্টি।













