বাংলা হান্ট ডেস্ক : আদালত চত্বরে আইনজীবীকে হেনস্থার অভিযোগ ঘিরে এবার সরাসরি কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নজরে বারুইপুর। মঙ্গলবার ভাঙড় কলেজের অশান্তির মামলায় ধৃত এসএফআই সদস্যদের হয়ে সওয়াল করতে গিয়ে সিপিআইএমের আইনজীবী নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের দিকে ডিম ছোড়ার অভিযোগ ওঠে। ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে দক্ষিণ ২৪ পরগণার জেলা জজ এবং পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট নেওয়ার কথা জানিয়েছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি গুগে।
আইনজীবী সায়নের দিকে ডিম ছোড়ার ঘটনায় রিপোর্ট তলব হাইকোর্টের (Calcutta High Court)
এই ঘটনার প্রতিবাদে বুধবার বারুইপুর আদালতে আইনজীবীদের মধ্যে অসন্তোষ প্রকাশ্যে আসে। আদালতের সদর গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। তাঁদের অভিযোগ, আইনজীবীর পোশাক পরে থাকা অবস্থাতেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। এতে আদালতের পরিবেশের পাশাপাশি বিচারপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত আইনজীবীদের পোশাকের মর্যাদাও ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের।
শুধু প্রতিবাদেই থামেননি আইনজীবীরা। ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করার দাবি জানান তাঁরা। পাশাপাশি বারুইপুর আদালত চত্বরে নিরাপত্তা আরও বাড়ানোর দাবিও ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েনের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও আদালত এলাকায় রাখা হয়। আন্দোলনকারীরা জানান, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার না করা হলে পরদিন দুপুর ২টো থেকে ফের সমস্ত বিচারিক কাজ বন্ধ রাখা হবে। এই সিদ্ধান্তের পর বুধবার আদালতের মূল ফটক খুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, গত রবিবার থেকে ভাঙড় কলেজে ছাত্র সংগঠনগুলির মধ্যে উত্তেজনা চরমে ছিল। এবিভিপি সমর্থকদের সঙ্গে এসএফআই ও আইএসএফ সমর্থকদের বচসাকে কেন্দ্র করে পরিস্থিতি খারাপ হতে থাকে। সোমবার সেই সংঘাত আরও তীব্র হয়। পরে পুলিশ ওই ঘটনায় কয়েকজন এসএফআই এবং আইএসএফ সমর্থককে গ্রেফতার করে। ধৃত এসএফআই সদস্যদের পক্ষে আইনি লড়াই করতেই মঙ্গলবার বারুইপুর আদালতে যান সায়ন বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, আদালত চত্বরেই তাঁর দিকে ডিম ছোড়া হয়।

আরও পড়ুন : আবাস যোজনার টাকা নিয়ে গরমিল, মৃতের টাকা অন্যের অ্যাকাউন্টে
এবার সেই ঘটনাই পৌঁছে গেল কলকাতা হাই কোর্টে। আদালত চত্বরে আইনজীবী হেনস্থার অভিযোগ কীভাবে ঘটল এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও ঘাটতি ছিল কি না, তা প্রশাসনিক রিপোর্টের পরই স্পষ্ট হবে। রিপোর্ট প্রকাশ্যে আসার পর কী পদক্ষেপ নেওয়া হয়, তার উপরই নির্ভর করছে পরবর্তী পরিস্থিতি।













