বাংলা হান্ট ডেস্ক : পুজোর মরসুমে অগ্নিনিরাপত্তা আরও জোরদার করার পাশাপাশি রাজ্যের বিভিন্ন সরকারি পরিষেবায় কর্মী ঘাটতি মেটাতে বড়সড় নিয়োগের পথে হাঁটছে রাজ্য সরকার (West Bengal Government)। দমকল বিভাগে যেমন একাধিক নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে, তেমনই পুলিশ, স্কুলশিক্ষা-সহ রাজ্য সরকারের ৫৪টি দফতরে মোট এক লক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনাও সামনে এসেছে।
১ লক্ষ কর্মী নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের (West Bengal Government)
নবান্ন সূত্রে খবর, চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই এই নিয়োগ প্রক্রিয়ার অধিকাংশ কাজ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে।
জানা গিয়েছে, দমকল বাহিনীতে প্রথম ধাপে ১,৪০০টি শূন্যপদ পূরণ করা হবে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমেই হবে এই নিয়োগ। প্রয়োজন অনুযায়ী পদগুলিও ভাগ করা হয়েছে। ফায়ার অপারেটর হিসেবে নেওয়া হবে ১,০০০ জনকে। এছাড়া ৩২৫টি ফায়ার ইঞ্জিন অপারেটর-কাম-ড্রাইভার এবং ৭৫টি সাব-অফিসার পদ পূরণ করা হবে। শুধু এই নিয়োগেই থেমে না থেকে আগামী এক বছরের মধ্যে দমকল বিভাগে আরও ২,৫০০টি স্থায়ী পদ তৈরির পরিকল্পনা রয়েছে।
শুধু জনবল বাড়ানো নয়, আগুন মোকাবিলার সরঞ্জামেও জোর দেওয়া হয়েছে। পুজোর আগে দমকলের বহরে যুক্ত হয়েছে মোট ২২৬টি নতুন ফায়ার ফাইটিং ভেহিকেল ও সরঞ্জাম। এর মধ্যে ১৯৮টি মিডিয়াম ওয়াটার টেন্ডার, ২৫টি বড় ক্ষমতার ওয়াটার টেন্ডার এবং ৩৬ মিটার উচ্চতায় পৌঁছতে সক্ষম তিনটি আর্টিকুলেটিং ওয়াটার টাওয়ার রয়েছে।
রাজ্যের বিভিন্ন জায়গায় প্রয়োজন অনুযায়ী দ্রুত এই গাড়িগুলি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে যেখানে জনঘনত্ব বেশি, বড় বাজার রয়েছে, শিল্পাঞ্চল রয়েছে অথবা শহর ও মফস্লের গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে, সেখানে এই নতুন পরিকাঠামো কাজে লাগানোর পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে বুধবার নবান্নে বসেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানেই সরকারি নিয়োগের গতি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে খবর।

আরও পড়ুন : আইন মেনে ও সুদ সহ পেনশন মেটাতে হবে! বড় রায় হাইকোর্টের, স্বস্তি কর্মীমহলে
প্রশাসনিক সূত্রের দাবি, অক্টোবর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত কয়েকটি ধাপে নিয়োগের কাজ চালানোর পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি দফতরের কর্মী প্রয়োজন এবং বর্তমানে কত পদ খালি রয়েছে, সেই হিসাবের ভিত্তিতেই নিয়োগের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই সামগ্রিক নিয়োগ পরিকল্পনায় সবচেয়ে বড় অংশগুলির মধ্যে রয়েছে স্কুলশিক্ষা দফতর। শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় ৩৪ হাজার পদে নিয়োগের কথা রয়েছে।পাশাপাশি কলকাতা পুলিশে চার হাজার এবং পশ্চিমবঙ্গ পুলিশে ১২ হাজার কর্মী নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে রাজ্য সরকারের ৫৪টি দফতরে প্রায় এক লক্ষ নিয়োগের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগে ধাপে ধাপে সেই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়াই এখন প্রশাসনের লক্ষ্য।













