GeM পোর্টাল থেকে কেনাকাটা বাধ্যতামূলক! ৩ মাসের ডেডলাইন বেঁধে বড় নির্দেশ অর্থ দফতরের

Published on:

Published on:

West Bengal Finance Department GeM mandatory procurement memorandum
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগেই বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। এবার থেকে গুডস অ্যান্ড সার্ভিস কেনার জন্য বাধ্যতামূলকভাবে GeM পোর্টাল তথা গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস ব্যবহার করতে হবে। গত বুধবার অর্থ দফতরের (West Bengal Finance Department) অডিট ব্রাঞ্চ, গ্রুপ টি থেকে এই মর্মে একটি মেমো জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যেসব পণ্য ও পরিষেবা গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেসে পাওয়া যায়, সেগুলি এবার থেকে এই পোর্টাল থেকেই কিনবে রাজ্যের সব দফতর ও অধস্তন অফিস।

তিন মাসের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে | (West Bengal Finance Department)

মেমোয় বলা হয়েছে, নির্দেশ জারি হওয়ার তিন মাসের মধ্যে সম্পূর্ণ অনবোর্ডিং প্রক্রিয়া সেরে ফেলতে হবে। এই সময়কালের মধ্যে যেসব দফতর, ট্রেজারি, ব্লক অফিস, সাব ডিভিশন এখনও GeM পোর্টালে নথিভুক্ত হয়নি, তাঁদের সেই কাজ করে নিতে হবে।

আরও পড়ুনঃ ১ লক্ষের পুজো অনুদান পেতে মাস্ট! সহজ পোর্টালে এখনই করুন আবেদন, কী কী নথি লাগছে জানুন

অর্থ দফতরের অডিট শাখার টি ব্রাঞ্চের তরফে জারি করা এই মেমো শুধুমাত্র সচিবালয়ের জন্য নয়। প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল, কলকাতার ৩টি পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস, ডিরেক্টর অফ ট্রেজারিজ অ্যান্ড অ্যাকাউন্টস, ডিভিশনাল কমিশনার, জেলা জজ, জেলাশাসক, সাব ডিভিশনাল অফিসার, পুলিশ সুপার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ট্রেজারি অফিসারকেও পাঠানো হয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বেশি দক্ষতা, স্বচ্ছতা ও অর্থ সাশ্রয় সুনিশ্চিত করতে রাজ্যের নিয়ন্ত্রণাধীন যাবতীয় ক্রয়কারী সংস্থাকে GeM পোর্টালের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার বা স্টোর ও পারচেজ শাখায় কর্মরতদের কাজের নিয়মে বদল আসছে।

West Bengal Finance Department

এবার থেকে অফিস ফার্নিচার, ষ্টেশনারী সহ অনেক সার্ভিস কন্ট্রাক্ট লোকাল ভেন্ডরের পরিবর্তে গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস থেকে কিনতে হবে। এখনও যেসব অফিস GeM-এ নথিভুক্ত নয়, তাঁদের অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। নাহলে তিন মাস পর সাধারণ পদ্ধতিতে কেনাকাটা করা হলে অডিট আপত্তি ওঠার সম্ভাবনা রয়েছে।

অর্থ দফতরের তরফে এই মেমোর মাধ্যমে সকল দফতর ও অধস্তন অফিসকে তিন মাসের মধ্যে GeM-এ অনবোর্ডিং সম্পূর্ণ করতে বলা হয়েছে। কোনও ঝামেলা এড়াতে এই সময়ের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন করে নেওয়া উচিত।