বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে সেপ্টেম্বর শেষ হতে চলল। অক্টোবর মাসেই পুজো। এই পরিস্থিতিতে বেতন ও পেনশন নিয়ে চিন্তায় পড়েছেন কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) কর্মী ও পেনশনভোগীরা। বিগত প্রায় দু’সপ্তাহ ধরে পুরসভার (KMC) সেন্ট্রাল সার্ভার ডাউন থাকায় পুজোর মাসে সময় মতো বেতন ও পেনশন মিলবে কিনা এই নিয়ে চিন্তায় পড়েছেন তাঁরা।
বেতন ও পেনশন নিয়ে বাড়ছে চিন্তা | (Kolkata Municipal Corporation)
কলকাতা পুরসভার বিভিন্ন বিভাগ সূত্রে খবর, সার্ভার ডাউন হওয়ার কারণে বিগত কয়েকদিনে পুরসভার রোজকার লেনদেন সেভাবে হচ্ছে না। শুক্রবার বেশিরভাগ বিভাগে সার্ভার ডাউন থাকায় পুরসভায় কোনও কাজই হয়নি বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ শনিতে আরও বৃষ্টি বাড়বে? দক্ষিণবঙ্গের কোন কোন জেলা আজ ভিজবে দেখে নিন আবহাওয়ার খবর
এদিকে সাধারণত মাসের শেষে কলকাতা পুরসভার কর্মীদের বেতন হয়। ফলে এই সার্ভার সমস্যার কারণে আদৌ ঠিক সময়ে বেতন ও পেনশন মিলবে কিনা সেই নিয়ে চিন্তায় পড়েছেন পুরসভার কর্মী ও পেনশনভোগীরা। এই আশঙ্কা একেবারে উড়িয়ে দেননি কেএমসির অর্থ বিভাগের আধিকারিকরাও।
অর্থ বিভাগের আধিকারিকরা জানান, প্রত্যেক মাসে নির্দিষ্ট সময়ে বেতন ও পেনশনের টাকা কর্মী ও পেনশনভোগীদের অ্যাকাউন্টে পৌঁছনোর জন্য আগেভাগে বেশ কিছু প্রয়োজনীয় কাজ করতে হয়নি। সার্ভারের সমস্যা থাকায় সেগুলি এখনও শুরুই করা যায়নি।
বর্তমানে কলকাতা পুরসভায় স্থায়ী, চুক্তিভিত্তিক সহ সব ধরণের কর্মী মিলিয়ে প্রায় ৩২ হাজার মানুষ কাজ করেন। পাশাপাশি রয়েছে বিপুল পরিমাণ পেনশনভোগী। পুজোর মাসে তাঁদের সবার অ্যাকাউন্টে সময় মতো বেতন ও পেনশন পৌঁছনোর কোনও নিশ্চয়তা দিতে পারেননি অর্থ বিভাগের শীর্ষ আধিকারিকরা।
এছাড়া সূত্র মারফত জানা গিয়েছে, সার্ভার ডাউন থাকার কারণে গত ১৫ দিন ধরে ট্রেজারিতে কোনও কাজ করা যায়নি। ফলে রাজস্ব আদায়ের প্রক্রিয়াতেও ধাক্কা লেগেছে। এমনকি বকেয়া রাজস্ব বিষয়ক কোনও তথ্যের প্রিন্ট আউটও বের করা যায়নি। পাশাপাশি বিল্ডিং বিভাগ সূত্রে খবর, সেখানেও বেশ কিছু কাজ থমকে রয়েছে। কলকাতা পুরসভার সদর কার্যালয়ের পাশাপাশি ১৬টি বরো অফিসেও এক পরিস্থিতি বলে খবর।

একাধিক সূত্রে জানা গিয়েছে, লাগাতার সার্ভার ডাউন থাকার কারণে স্বাস্থ্য, পানীয় জল সরবরাহের মতো জরুরি পরিষেবা বিভাগের কাজকর্মও ব্যাহত হচ্ছে। সার্ভার আবার কবে সচল হবে, এই নিয়ে শুক্রবার রাত অবধি পুর কর্তৃপক্ষের তরফে কোনও আশ্বাস পাওয়া যায়নি।
সেপ্টেম্বর শেষ হয়ে অক্টোবর শুরু হতে আর মাত্র দিন চারেক বাকি। তার আগে সার্ভার সমস্যার কারণে সময় মতো বেতন ও পেনশন পাওয়া নিয়ে চিন্তায় পড়েছেন কলকাতা পুরসভার হাজার হাজার কর্মী ও পেনশনভোগী। প্রযুক্তিগত এই সমস্যা কবে দূর হয় সেটাই দেখার।













