বাংলাহান্ট ডেস্ক : মিড ডে মিলে (Mid Day Meal) খিচুড়ি, সয়াবিন, ডিম ভাতের বদলে এবার বিরিয়ানি! শুক্রবার দক্ষিণ দিনাজপুরের দু দুটো স্কুলে পড়ুয়াদের পাতে পড়ল বিরিয়ানি। বালুরঘাটের বিদয়পুর প্রাথমিক বিদ্যালয় ও কুমারগঞ্জের রাধানগর প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল এমন মন ভালো করা ছবি। মুখে উজ্জ্বল হাসি ফুটল খুদে পড়ুয়াদের।
পড়ুয়াদের মিড ডে মিলে (Mid Day Meal) বিরিয়ানি
রাজ্যের স্কুলে মিড ডে মিল মানেই খিচুড়ি বা সয়াবিন, কোনও কোনও দিন পাতে পড়ে ডিম। সেদিন একটু বেশিই আনন্দ পড়ুয়াদের। এহেন একঘেয়ে রোজনামচায় এক একদিন এমন ছোট্ট ছোট্ট উদ্যোগও বড় খুশি নিয়ে আসে ছোট্ট মনগুলিতে। দক্ষিণ দিনাজপুরে দেখা গেল সেই খুশিরই ঝলক।

মিড ডে মিলে হল চিকেন বিরিয়ানি: বালুরঘাট ব্লকের বিদয়পুর প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে মোট ১২০ জন পড়ুয়া। ৫ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন স্কুলে। এই স্কুলেই শুক্রবার সহকারী শিক্ষক শ্রেয়া কুণ্ডু রাঁধুনিদের সাহায্যে চিকেন বিরিয়ানির আয়োজন করেন। অন্যদিকে কুমারগঞ্জের রাধানগর প্রাথমিক বিদ্যালয়ে মোট পড়ুয়া ৯৬ জন। স্কুলে এদিন উপস্থিত ছিল ৭৮ জন। শিক্ষক শিক্ষিকার সংখ্যা এই স্কুলে ৫ জন।
আরও পড়ুন : বাজারে ‘দিঘার ইলিশ’এর নামে কী বিকোচ্ছে! দাম দিয়ে কেনার আগে জানুন আসল সত্যি
কেন এই উদ্যোগ: এই স্কুলে এদিন রান্না হয়েছিল আলু বিরিয়ানি আর ডিম কষা (Mid Day Meal)। স্কুলের শিক্ষক প্রীতম সরকার বলেন, বাচ্চারা দীর্ঘদিন ধরেই বিরিয়ানি খাওয়ার আবদার করছিল। তাই সকলে মিলেই এই উদ্যোগ নেওয়া হয়। পড়ুয়ারা খুব তৃপ্তি সহকারেই খেয়েছে বিরিয়ানি।
আরও পড়ুন : লবঙ্গ দিলেও আবার ফিরে আসে, বর্ষায় ডালের কৌটো থেকে পোকা তাড়াবেন কীভাবে?
অন্যদিকে বিদয়পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শ্রেয়া কুণ্ডু বলেন, স্কুলের পড়ুয়ারা চিকেন বিরিয়ানি খাবে বলে আবদার করেছিল। সেই আবদার ফেলতে পারেননি শিক্ষক শিক্ষিকারা। তাই চিকেন বিরিয়ানির আয়োজন করা হয় স্কুলে।













