বাংলা হান্ট ডেস্কঃ নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বড় স্বস্তি পেলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। তাঁর মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেছিল কংগ্রেস। হাসিরানি রথের মনোনয়ন বাতিল করার দাবি জানিয়েছিল তারা। মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট।
Calcutta High Court : কেন মামলা হয়েছিল?
হাসিরানি রথের হলফনামায় তাঁর জন্ম সাল প্রায় ১৯৬৫ বলা হয়েছে। সেখানে আরও উল্লেখ রয়েছে, ১৯৬৫ সালে তিনি চৌখালী গঙ্গা পদ্মা মিলন কন্যা বিদ্যাপীঠে দশম শ্রেণিতে পড়তেন। এই তথ্য নিয়েই প্রশ্ন তোলে কংগ্রেস। তাদের বক্তব্য, জন্ম সাল যদি ১৯৬৫ হয়, তাহলে সেই বছরই কীভাবে তিনি দশম শ্রেণিতে পড়তে পারেন? স্কুল নিয়েও প্রশ্ন তোলে কংগ্রেস। তাদের দাবি, ওই স্কুল শুরু হয়েছিল ১৯৬৩ সালে। তখন সেখানে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হত। ১৯৭৩ সালে স্কুলটি দশম শ্রেণি পর্যন্ত পড়ানোর সরকারি অনুমোদন পায়।
আদালতে কী বলেছিল কংগ্রেস?
কংগ্রেসের আইনজীবীরা বলেন, হাসিরানি রথের হলফনামায় দেওয়া বয়সের সঙ্গে তাঁর মাধ্যমিকের সার্টিফিকেটের তথ্য মিলছে না। তাঁদের অভিযোগ, বয়স ভুল দেওয়া হয়েছে অথবা ভুল সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে। কংগ্রেসের আরও প্রশ্ন ছিল, মনোনয়নে ভুল তথ্য থাকলে রিটার্নিং অফিসার তা বাতিল করতে পারেন। তাহলে তিনি কেন মনোনয়ন বাতিল করেননি?
কী বলেছিল নির্বাচন কমিশন?
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, মনোনয়ন যাচাইয়ের সময় এই অভিযোগ কেন জানানো হয়নি? মামলাটি করা ঠিক হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলে কমিশন। ২৫ সেপ্টেম্বর এই মামলার শুনানি হয়। সব পক্ষের বক্তব্য শোনার পর রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারপতি কৃষ্ণ রাও।

আরও পড়ুনঃ মাত্র ৫০ হাজার দিলেই ফ্ল্যাট! বড় ঘোষণা অর্জুন সিংয়ের
শেষমেশ কী রায় হল?
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর মামলার রায় ঘোষণা করে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিচারপতি কৃষ্ণ রাওয়ের সিঙ্গল বেঞ্চ কংগ্রেসের আবেদন খারিজ করে দিয়েছে। অর্থাৎ, হাসিরানি রথের মনোনয়ন নিয়ে আদালত কোনও হস্তক্ষেপ করল না। ফলে নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি পেলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ।













