কলেজে ভর্তি হলেই মেয়েরা পাবেন ৫০ হাজার টাকা! কোন শর্তে মিলবে? জানাল সরকার

Published on:

Published on:

West Bengal government to provide Rs 50,000 for female college students
Follow

বাংলা হান্ট ডেস্ক : এক অনুষ্ঠানের মঞ্চ থেকেই শিক্ষা ক্ষেত্রে একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হাওড়ার ব্যাঁটরার মধুসূদন পাল চৌধুরী হাইস্কুলে পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দিয়ে ‘সারথি’ কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই কলেজ ছাত্রীদের জন্য সরকারের (West Bengal Government) নতুন প্রকল্পের কথা জানান তিনি। উচ্চশিক্ষায় ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তার পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলেজ পড়ুয়া মেয়েদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের (West Bengal Government)

উচ্চশিক্ষায় মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আর্থিক বাধা কমাতে নতুন একটি স্কিম আনার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। সরকারি কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে স্নাতক স্তরে ভর্তি হওয়া অবিবাহিত ছাত্রীদের এই সহায়তার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। রাজ্য বাজেটে এই প্রকল্পের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

জানা যাচ্ছে, এই আর্থিক সহায়তা একবারে পুরো ৫০ হাজার টাকা দেওয়ার বদলে তিনটি পর্যায়ে টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রথম বর্ষে ১৭ হাজার, দ্বিতীয় বর্ষে আরও ১৭ হাজার এবং তৃতীয় বর্ষে ১৬ হাজার টাকা—এই হিসাবে তিন বছরে মোট ৫০ হাজার টাকা পাবেন যোগ্য ছাত্রীরা। মেয়েদের উচ্চশিক্ষা শেষ করার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এই সুবিধা পেতে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীকে অবিবাহিত হতে হবে এবং পশ্চিমবঙ্গের কোনও সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে স্নাতক স্তরে ভর্তি থাকতে হবে। এই প্রকল্পের টাকা মাসিক ভাতা হিসেবে দেওয়া হবে না; নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলে তিনটি শিক্ষাবর্ষে নির্ধারিত হারে আর্থিক সহায়তা মিলবে। তবে ছাত্রীদের এই প্রকল্পে আবেদন করার প্রক্রিয়া এখনও শুরু হয়নি।

সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, পরবর্তী সময়ে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদন নেওয়ার ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় নথি, পরিচয়পত্র, যোগ্যতার অন্যান্য মাপকাঠি এবং আবেদনের বিস্তারিত নিয়ম নিয়ে সংশ্লিষ্ট দফতর পৃথক নির্দেশিকা প্রকাশ করবে।
অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন নেওয়ার সম্ভাবনা রয়েছে। কলেজ কর্তৃপক্ষের সুপারিশের মাধ্যমে আবেদন জমা দেওয়ার ব্যবস্থা থাকতে পারে।

West Bengal government to provide Rs 50,000 for female college students

আরও পড়ুন : স্কুলের জমিতে ফলছে সবজি, সেই ফসলই যাচ্ছে মিড ডে মিলে! আউশগ্রামে অভিনব উদ্যোগ

প্রশাসনিক স্তরেও ফর্ম পূরণের সুযোগ রাখার পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। তবে চূড়ান্ত পদ্ধতি ও প্রয়োজনীয় নথির তালিকা সরকারি নির্দেশিকা প্রকাশের পরই স্পষ্ট হবে।উচ্চশিক্ষায় মেয়েদের জন্য প্রস্তাবিত ৫০ হাজার টাকার সহায়তা কার্যকরের জন্য সরকারি নির্দেশিকার অপেক্ষাতে রয়েছে কলেজ পড়ুয়ারা।