বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার থেকে রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে সেবা সেতু ক্যাম্প (Seba Setu Camp)। এখনও অবধি অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা না পেয়ে বহু মহিলা সেখানে ভিড় জমিয়েছেন। অনেকে জায়গায় আবার প্রতিবাদ-বিক্ষোভও দেখানো হয়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেখা গিয়েছে এই ছবি।
অন্নপূর্ণা যোজনা না পেয়ে বিক্ষোভ | (Annapurna Yojana)
আজ থেকে আগামী রবিবার অবধি রাজ্য জুড়ে সেবা সেতু ক্যাম্প চলবে। সেখানে কেন্দ্র ও রাজ্যের একাধিক প্রকল্পের সুবিধা মিলবে। তবে বহু শিবিরে অন্নপূর্ণা যোজনার কাজ হচ্ছে না বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মহিলারা।
আরও পড়ুনঃ ‘ভাইপোকে টাকা তোলার মেশিন বানিয়েছিলেন’! মমতাকে গ্রেফতার করার দাবি তুললেন অর্জুন
এদিন সকাল থেকে অন্নপূর্ণা যোজনার জন্য উলুবেড়িয়ার রবীন্দ্র ভবনে লাইনে দাঁড়িয়েছিলেন বহু মহিলা। অভিযোগ, পরবর্তীতে প্রশাসনের তরফে জানানো হয়, সংশ্লিষ্ট সেবা সেতু ক্যাম্পে অন্নপূর্ণা যোজনা ও আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা মিলবে না। এরপরেই পরিস্থিতি তেতে ওঠে। দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকা মহিলারা জানান, আগেই একথা বলে দিলে তাঁরা লাইনে দাঁড়াতেন না।
উদয়নারায়ণপুরের গড় ভবানীপুরেও একই পরিস্থিতি তৈরি হয়। হুগলির পোলবা-দাদপুর ব্লক অফিসেও টেবিল-চেয়ার উল্টে, ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। চন্দ্রকোনায় আবার রাজ্য সড়ক অবরোধ করেন মহিলারা।
অন্যদিকে কোচবিহারের বহু মহিলার অভিযোগ, অন্নপূর্ণা যোজনা শুরু হয়ে চার মাস হয়ে গেলেও তাঁরা এখনও টাকা পাননি। স্ট্যাটাস আন্ডার প্রসেস দেখাচ্ছে। অনেক জায়গায় ছোটাছুটি করেও কোনও লাভ হয়নি। আজ সেবা সেতু ক্যাম্পে এসেও কোনও লাভ না হওয়ায় রবীন্দ্র ভবনের গেট বন্ধ করে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন কয়েকজন মহিলা। পরবর্তীতে কোতোয়ালি থানার পুলিশ গেট খুলে দেন।

এছাড়া বাঁকুড়ার রানিবাঁধ থেকে শুরু করে বারাসাতের টাকি রোডেও একই পরিস্থিতি তৈরি হয়। সেবা সেতু ক্যাম্পে অন্নপূর্ণা যোজনার কাজ না হওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে নামেন মহিলারা। হুগলির জেলাশাসক খুরশিদ আলি কাদরি অবশ্য আশ্বাস দিয়েছেন, সব যোগ্য মহিলাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। ভেরিফিকেশন বাকি থাকলে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।













