বাংলা হান্ট ডেস্কঃ বেআইনি ফুটপাথ দখলের বিরুদ্ধে বহুবার সরব হয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বারবার বাংলাকে আবর্জনামুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলার ডাক দিয়েছেন তিনি। এবার সেই মন্ত্রীই বর্ধমানের বিসি রোড (BC Road) পরিদর্শনে গিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন। ডেডলাইন বেঁধে শহরের এই গুরুত্বপূর্ণ রাস্তা দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।
ডেডলাইন বেঁধে ফুটপাথ দখলমুক্ত করার নির্দেশ অগ্নিমিত্রার | (Agnimitra Paul)
রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, বেআইনি পার্কিং সহ নানা দিক খতিয়ে দেখতে মাঝেমধ্যেই পরিদর্শনে বের হন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। গতকাল আচমকা বর্ধমানের বিসি রোড পরিদর্শনে গিয়েছিলেন তিনি। তখনই রাস্তার দু’ধারে বেআইনি পার্কিং দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন।
আরও পড়ুনঃ পুজোর আগেই DA বৃদ্ধি নিয়ে সরকারি কর্মীদের জন্য বড় আপডেট
অগ্নিমিত্রা বলেন, “এই কার্জন গেটের রাস্তা ঐতিহাসিক। এটাকে বর্ধমানের জানলাও বলা যেতে পারে। এই রাস্তাটি নোংরা করবেন না। রাস্তায় রাস্তায় ডাস্টবিন বসিয়ে দেওয়া হচ্ছে। যেখানে ড্রেনে স্ল্যাব নেই, সেই বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে। পার্কিং সোজাভাবে হবে। একটা ডানদিক, অন্যটা বাঁদিন এভাবে হবে না। পুলিশ আধিকারিকদের বলে গিয়েছে। পরশুদিন কোনও একটা সময় করে আসব। তখন যেন দেখি, কার্জন গেটের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঝকঝক করছে।“
বর্ধমানের বিসি রোডের ফুটপাথ দখলের অভিযোগ আজকের নয়। অনেকদিন ধরেই এই ফুটপাথের একাংশ ব্যবসায়ীদের দখলে রয়েছে বলে অভিযোগ। বর্তমানে সেই দখল ফুটপাথের গণ্ডি পেরিয়ে রাস্তার কিছু অংশে পৌঁছেছে।
পরিদর্শনে বেরিয়ে রাজ্যের পুরমন্ত্রী দেখেন, রাস্তার দু’ধারে পরপর সাইকেল, বাইক রাখা। ফলে যান চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। এরপরেই পুরসভার কার্যনির্বাহী আধিকারিককে কড়া নির্দেশ দেন তিনি।

অগ্নিমিত্রা স্পষ্ট বলেন, ফুটপাথের অন্তত এক-তৃতীয়াংশ জায়গা পথচারীদের জন্য ফাঁকা রাখতে হবে। বিসি রোডের উপর অপরিকল্পিতভাবে রাখা সাইকেল ও বাইক সরিয়ে দিতে হবে। পাশাপাশি রাস্তার কোথাও যাতে নোংরা-আবর্জনা পড়ে না থাকে, সেটাও নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। আগামী দু’দিনের মধ্যে বর্ধমানের এই গুরুত্বপূর্ণ রাস্তা পরিষ্কার করে দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মন্ত্রী।
রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী হওয়ার পর থেকে বাংলাকে পরিষ্কার পরিচ্ছন্ন ও আবর্জনামুক্ত করে তুলতে তৎপর অগ্নিমিত্রা পাল। ঠিকমতো কাজ হচ্ছে কিনা তা দেখা থেকে মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে নিজে প্রায় রোজ ছুটে বেড়ান। এবার পরিদর্শনে বেরিয়ে বিসি রোডের অবস্থা দেখে দ্রুত দখলমুক্ত করার নির্দেশ দিলেন তিনি।













