বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে চর্চা বাড়ছে রাজ্যে। এই প্রকল্পে প্রতি মাসে ৩০০০ টাকা করে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হয়। সেপ্টেম্বর মাসে দেড় কোটিরও বেশি, অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছেছে। তবে একাধিক শর্ত যোগ হয়েছে এই যোজনায়। যেমন অন্নপূর্ণা যোজনা ও বিধবা ভাতার সুবিধা একসঙ্গে পাওয়া যাবে না। যে কোনও একটি প্রকল্প বেছে নিতে হবে আবেদনকারীকে। এই নিয়ে সম্প্রতি জারি হয়েছে নির্দেশিকাও। নিয়ম না জানলে পড়বেন সমস্যায়।
অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের | Annapurna Yojana
সম্প্রতি রাজ্যের নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দফতরের তরফ থেকে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে একসঙ্গে অন্নপূর্ণা যোজনা ও বিধবা ভাতা এই দু’টি প্রকল্পের (Government Scheme) সুবিধা মিলবে না। যে কোনও একটি নির্বাচন করতে হবে। জেলাশাসক ও কলকাতা পুরসভার কমিশনারকে পাঠানো নির্দেশিকাতে বলা হয়েছে, অনেক বিধবা ভাতার উপভোক্তা রয়েছেন যারা বিধবা ভাতা ও অন্নপূর্ণা যোজনার সুবিধা একসঙ্গে পাচ্ছেন। এর মধ্যে যারা শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার সুবিধা নিতে চান, তাঁদের থেকে লিখিত সম্মতি নিতে হবে।
নির্দেশিকায় বলা হয়েছে, কোনও উপভোক্তাকে জানাতে হবে তিনি বিধবা ভাতা চালিয়ে যেতে চান নাকি বিধবা ভাতা ছেড়ে অন্নপূর্ণা যোজনার আওতায় আসতে চান। বিধবা ভাতার যেসব উপভোক্তা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন, তাঁদের তালিকা ইতিমধ্যেই রাজ্যের সমর্থ পোর্টালে রয়েছে। সেই অনুযায়ী উপভোক্তাদের থেকে তাঁদের পছন্দের অপশন সংগ্রহ করে পোর্টালে আপলোড করে দিতে বলা হয়েছিল নির্দেশিকায়।

আরও পড়ুন: পড়ুয়াদের ‘সারথি’ সাইকেল নিয়ে বড় খবর দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল
উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনায় মাসে ৩ হাজার টাকা করে দিচ্ছে বিজেপি সরকার। অন্যদিকে বিধবা ভাতা মাসে মাসে ১০০০ টাকা ছিল এতদিন। সম্প্রতি তা বাড়িয়েছে রাজ্য। বর্তমানে ১৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। এতদিন বহু মহিলা একসঙ্গে দু’টি প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। এবার থেকে আর তা হবে না। যে কোনও একটি বেছে নিতে বলেছে রাজ্য সরকার।













