বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ভোটে জিতে সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই সেই প্রতিশ্রুতি পূরণ করেছে শুভেন্দু অধিকারীর সরকার। তবে এবার সেই প্রকল্পের (Government Scheme) টাকা না পেয়ে কিছু মহিলা স্ট্যাটাস চেক করতেই সামনে এল এক বিরাট দুর্নীতি। তাঁদের আধারের তথ্য ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ উঠেছে।
অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতেই সব ফাঁস | (Annapurna Yojana)
ঘটনাস্থল শান্তিপুরের বাগআঁচড়া ও ছোটকুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা। অভিযোগ, এই গ্রামের দরিদ্র, দিনমজুর পরিবারের মহিলাদের আধার কার্ডের তথ্য অপব্যবহার করে বিগত পাঁচ বছর ধরে বার্ধক্য ভাতা হাতাচ্ছেন কিছু অসাধু ব্যক্তি। একাধিক মহিলার দাবি, তাঁদের বয়স ৪০-৪১ বছরের আশেপাশে। বার্ধক্য ভাতা পাওয়ার বয়স না হলেও তাঁদের আধারের তথ্য ব্যবহার করে সেই টাকা হাতাচ্ছে একটি চক্র। ফলে অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।
আরও পড়ুনঃ RKSY II রেশন কার্ড আছে? প্রত্যেক মাসে কত কেজি করে চাল, গম পাওয়া যায় জানুন
ভুক্তভোগী মহিলাদের অভিযোগ, এলাকার শতাধিক দরিদ্র মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন। তবে ব্যাঙ্কে খোঁজ নিলে জানা যায়, কোনও সরকারি টাকা আসেনি। এরপর অনলাইন পোর্টাল ও স্ট্যাটাস চেক করলে জানা যায়, তাঁদের আধার কার্ডের তথ্য ব্যবহার করে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি ও পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়মিত বার্ধক্য ভাতা ঢুকছে। বিগত পাঁচ বছর ধরে এই ঘটনা ঘটছে বলে দাবি তাঁদের।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রাজ্যের পূর্ববর্তী সরকারের স্থানীয় নেতৃত্ব ও সংশ্লিষ্ট বিডিও অফিসের একাংশকে দায়ী করেছেন বাগআঁচড়া পঞ্চায়েতের প্রধান রোহিত দে ও উপপ্রধান রূপালি বিশ্বাস। তাঁদের দাবি, প্রশাসনের উচ্চপদস্থ ও সংশ্লিষ্ট আধিকারিকদের যোগসাজশ যদি না থাকে, তাহলে এত বড় জালিয়াতি করা অসম্ভব।
অন্যদিকে ছোটকুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রতিনিধি সুজিত সাহা জানান, বহু বছর ধরে এই জালিয়াতি চলছিল। তবে সম্প্রতি মহিলারা নিজেদের সমস্যা নিয়ে এগিয়ে আসার কারণে এই জালিয়াতির কথা সামনে এসেছে।

ইতিমধ্যেই এই নিয়ে স্থানীয় বিডিওর কাছে স্মারকলিপি ও লিখিত অভিযোগ জমা করা হয়েছে। এই নিয়ে প্রশাসনিক তদন্তের পাশাপাশি অন্যায্যভাবে অযোগ্যদের কাছে যাওয়া সরকারি টাকা অবিলম্বে রাজকোষে ফেরানোর দাবিও জানানো হয়েছে।
রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। মাসের পর মাস সেই প্রকল্পের টাকা না পেয়ে স্ট্যাটাস চেক করতেই বড় দুর্নীতির কথা জানতে পারলেন শান্তিপুরের বহু মহিলা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মহিলাদের হুঁশিয়ারি, প্রাপ্য টাকা ও অধিকার ফেরত না পাওয়া অবধি এই আন্দোলন চলবে।













