বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাতায়াত আরও সহজ হতে পারে। কারণ সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই যানবাহন চলাচলের জন্য দ্বিতীয় ফরাক্কা সেতু (Second Farakka Bridge) খুলে দেওয়া হতে পারে। বহুপ্রতীক্ষিত এই সেতু চালু হলে একদিকে যেমন পুরনো ফরাক্কা সেতুর উপর চাপ কমবে, তেমনই যানজট কমে বাড়বে যানবাহনের গতি।
প্রকাশ্যে দ্বিতীয় ফরাক্কা সেতু চালুর সম্ভাব্য দিনক্ষণ | (Second Farakka Bridge)
গঙ্গার উপর নির্মিত দ্বিতীয় ফরাক্কা সেতু উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকে জুড়েছে। পুরনো ফরাক্কা সেতুর উপর যানবাহনের চাপ কমাতে ও যানজটের সমস্যা দূর করতে এই সেতু তৈরির সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এবার জানা যাচ্ছে, সেতু উদ্বোধনের দিন হিসেবে আগামী ১৫ অক্টোবরকে সামনে রেখে এগোচ্ছে তাঁরা।
আরও পড়ুনঃ পুজোর আগে আরও ১৫০০ টাকা বাড়ল ভাতা! মন্ত্রিসভার বৈঠকের পর বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI) সূত্রে খবর, ২০১৮ সালে দ্বিতীয় ফরাক্কা সেতু তৈরির কাজ শুরু হয়েছিল। প্রায় আড়াই কিমি দীর্ঘ, চার লেনের এই সেতু নির্মাণে আট বছর মতো সময় লেগেছে। খরচ হয়েছে প্রায় ৫২১ কোটি টাকা।
জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে আরও জানা গিয়েছে, দ্বিতীয় ফরাক্কা সেতুতে এমার্জেন্সি পথ থাকছে। কোনও গাড়ি যদি মাঝপথে খারাপ হয়ে যায়, তাহলে ওই অংশে দাঁড়িয়ে মেরামত করা যাবে। এতে মূল রাস্তায় যান চলাচলে কোনও বাধা সৃষ্টি হবে না।
জাতীয় সড়ক কর্তৃপক্ষের হিসাব বলছে, ছোট-বড় মিলিয়ে ফরাক্কা সেতু দিয়ে রোজ প্রায় ৩০ হাজার যানবাহন চলাচল করে। মাসখানেক আগেই বহু প্রতীক্ষিত এই সেতুর একটি লেন পরীক্ষামূলকভাবে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। সেই পরীক্ষা সফল হয়েছে। সেই কারণে আগামী ১৫ অক্টোবরের মধ্যে দ্বিতীয় ফরাক্কা সেতু পুরোপুরি চালু করে দিতে চাইছে তাঁরা।

উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগের ক্ষেত্রে এতদিন ফরাক্কা সেতু একমাত্র ভরসা ছিল। তবে যানবাহনের চাপ বাড়ায় সেখানে প্রায়ই যানজটের সমস্যা লেগে থাকত। সেই সমস্যা দূর করতে শীঘ্রই দ্বিতীয় ফরাক্কা সেতু চালুর পরিকল্পনা করা হচ্ছে। চার লেনের এই সেতু চালু হলে সাধারণ মানুষের অনেকটা সুবিধা হবে বলে অনুমান।













