পুজোর আগে আরও ১৫০০ টাকা বাড়ল ভাতা! মন্ত্রিসভার বৈঠকের পর বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari announced 1500 allowance hike from Nabanna
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মুখে ফের একবার ভাতা (Government Allowance) বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে একটি সাংবাদিক বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। সেখানে ১৪ হাজারের বেশি পদে দ্রুত নিয়োগ থেকে শুরু করে কর্মবন্ধুদের বেতন বৃদ্ধি সহ বেশ কিছু ঘোষণা করা হয়।

পুজোর আগে ফের ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)

এদিন মুখ্যমন্ত্রী জানান, কর্মবন্ধুরা এতদিন মাসে মাত্র ৫ হাজার টাকা করে বেতন পেতেন। এবার সেটা বাড়িয়ে ৮ হাজার টাকা করা হচ্ছে। পুজোর মাস থেকেই তাঁদের মাসিক বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

আরও পড়ুনঃ কলকাতা থেকে এক বিমানে ইউরোপ? রাজ্যের বিমান পরিকাঠামো উন্নয়নে বড় পরিকল্পনা জানালেন মুখ্যমন্ত্রী

পাশাপাশি শিক্ষার্থীদের জন্যেও বিশেষ সহায়তার ঘোষণা করেছেন শুভেন্দু। তিনি জানান, তফশিলি জাতি ও উপজাতির যে সকল ছাত্রছাত্রী সরকারি হস্টেলে থেকে পড়াশোনা করেন, তাঁদের মাসিক খাদ্য ভাতা ১৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩৩০০ টাকা করছে রাজ্য সরকার। অর্থাৎ একধাক্কায় ১৫০০ টাকা বাড়ানো হচ্ছে।

এছাড়া মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের অবিবাহিত ছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহ প্রদানের জন্য ভগিনী নিবেদিতা প্রকল্প মঞ্জুর হয়েছে। এই প্রকল্পের অধীন ছাত্রীদের প্রথম বছরে ১৭ হাজার টাকা, দ্বিতীয় বছরেও ১৭ হাজার টাকা ও তৃতীয় বছরে ১৬ হাজার টাকার আর্থিক সহায়তা করা হবে। আগামী বছরের জানুয়ারি মাস থেকে এই প্রকল্প চালু হবে।

এদিন নিয়োগ নিয়েও বড় ঘোষণা করেছেন শুভেন্দু। তিনি জানান, নানা সরকারি দফতর মিলিয়ে ১৪,৪৫৪টি শূন্যপদে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। মন্ত্রিসভা তাতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। পিএসসি ও রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আগামী ৬ মাস থেকে ৮ মাসের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Suvendu Adhikari

নিয়োগ সূত্রে রাজ্যের পূর্ববর্তী সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা রাজ্যে এক লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি। পিএসসি বর্তমানে ফুল ফর্মে সকল বকেয়া নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে। আগের সরকারের সময় ওবিসি শংসাপত্র সংক্রান্ত জটিলতা এবং প্রশাসনিক ব্যর্থতার জন্য যুব সম্প্রদায় চাকরি থেকে বঞ্চিত হয়েছিল। ওই সরকার যদি ক্ষমতায় থাকত, তাহলে রাজ্যে আর কোনও দিন চাকরি হত না।“

আগামী সপ্তাহ থেকেই রাজ্যে পুজো শুরু হয়ে যাবে। তার আগে রাজ্যের বেকার যুবদের কর্মসংস্থান, ভাতা বৃদ্ধি সহ একগুচ্ছ সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর এই ঘোষণার ফলে উৎসবের আনন্দ যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে।