গাড়ির বকেয়া করে ৪০ শতাংশ ছাড়! পুজোর আগেই ওয়েভার স্কিমের ঘোষণা পরিবহণমন্ত্রীর

Published on:

Published on:

Arjun Singh announced 40 percent waiver on due car tax
Follow

বাংলা হান্ট ডেস্কঃ গাড়ির বকেয়া কর (Car Tax) আদায়ে এবার ওয়েভার স্কিম আনতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার বেসরকারি বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। এরপরেই গাড়ির বকেয়া করে ছাড়ের কথা ঘোষণা করেন তিনি।

বকেয়া কর আদায়ে ওয়েভার স্কিমের ঘোষণা পরিবহণমন্ত্রীর | (Arjun Singh)

জানা গিয়েছে, গাড়ির বকেয়া করের ক্ষেত্রে ৪০ শতাংশ ছাড় দেওয়া হবে। বাকি ৬০ শতাংশ টাকা গাড়ির মালিকদের দিতে হবে। রাজ্যের এই সিদ্ধান্তের ফলে গাড়ির বকেয়া কর জমা দেওয়ার ক্ষেত্রে গাড়ির মালিকদের আগ্রহ বাড়বে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ‘এভাবে জনগণের করের টাকা নয়ছয়?’ CID-কে টাকি পুরসভার দুর্নীতি মামলার তদন্তভার দিল হাইকোর্ট

গতকাল বৈঠক শেষে পরিবহণমন্ত্রী বলেন, “লাইসেন্স, পারমিট, ট্যাক্স এইসব ফি বাবদ বকেয়ার পরিমাণ প্রায় ১৭০০ কোটি টাকা। বাসমালিকদের তরফে ছাড়ের আবেদন জানানো হয়েছে। আমরা ফিন্যান্সকে ৪০ শতাংশ ছাড়ের কথা বলেছি। ওখান থেকে অ্যাপ্রুভাল পাওয়া গেলে বকেয়া করের ৬০ শতাংশ টাকা গাড়ির মালিকদের দিতে হবে।“

বর্তমানে প্রায় সাড়ে তিন লাখের বেশি গাড়ির কর বকেয়া রয়েছে। টাকার অঙ্কটা দেড় হাজার কোটিরও বেশি। এই বকেয়া কর আদায়ের লক্ষ্যে গত মাসের শুরু থেকেই পরিবহণ দফতর বিশেষ অভিযান শুরু করেছে। তবে তাতে গাড়ির মালিকদের মধ্যে বকেয়া কর জমা দেওয়ায় বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে না।

এক মাসের বেশি সময়ে জমা পড়া টাকার পরিমাণ ১০০ কোটির কিছু বেশি। বেশিরভাগ গাড়ির মালিক ওয়েভার স্কিমের অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই স্কিম আনতে চলেছে রাজ্য। গতকালের বৈঠকে পুলিশ আধিকারিকরাও ছিলেন। সেখানে জরিমানার বিষয়েও আলোচনা হয় বলে খবর।

বৈঠক শেষে সারা বাংলা বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, “আমাদের আলোচনা ইতিবাচক হয়েছে। মন্ত্রী জানিয়েছেন ওয়েভার স্কিম আসবে। এতে গাড়ির মালিকদের অনেকটা সুরাহা হবে।“

সিটি সাবারবান বাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিটু সাহা জানান, তাঁরা তাঁদের সমস্যার বিষয়ে মন্ত্রীকে জানিয়েছেন। মন্ত্রী সেসব সমস্যা সমাধানের যথাসাধ্য চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

Arjun Singh

গতকালের বৈঠক শেষে টোটোর দাপাদাপি নিয়েও বার্তা দেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, টোটোর দৌরাত্ম্য আগের চেয়ে অনেকখানি কমেছে। পুলিশও একটু কড়া হয়েছে। তবে টোটোর কারণে বেসরকারি বাস যাতায়াতে সমস্যা রয়েছে বলে জানান তিনি।

বকেয়া কর আদায়ের লক্ষ্যে ওয়েভার স্কিম আনা নতুন কিছু নয়। কিছুদিন আগেই বকেয়া সম্পত্তি করে সুদ ও পেনাল্টি মকুব করার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। এবার গাড়ির বকেয়া কর আদায়ে ওয়েভার স্কিম আনার কথা জানালেন পরিবহণমন্ত্রী।