বাংলা হান্ট ডেস্ক : এক মুহূর্তে ভাগ্য বদলে ১ কোটি টাকা হাতে আসার খবর নিঃসন্দেহে যে কোনও মানুষের কাছে আনন্দের। কিন্তু পুরস্কারের অঙ্ক দেখে যতটা টাকা পাওয়ার কথা মনে হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টে শেষ পর্যন্ত জমা পড়ে তার চেয়ে কম। কারণ লটারি (Lottery) বা প্রতিযোগিতায় পাওয়া অর্থের ক্ষেত্রেও আয়করের নিয়ম প্রযোজ্য। ফলে পুরস্কার ঘোষণার পরেই পুরো ১ কোটি টাকা নিজের বলে ধরে নেওয়ার কোনো মানে নেই।
লটারিতে (Lottery) ১ কোটি টাকা জিতলে কত টাকা পাওয়া যায় ?
লটারি কিংবা বিভিন্ন টেলিভিশন রিয়ালিটি শো-তে জেতা অর্থ সাধারণ উপার্জনের মতো করে দেখা হয় না। এই ধরনের পুরস্কারের উপর নির্দিষ্ট হারে কর দিতে হয়। আয়কর আইন, ১৯৬১-এর ১১৫বিবি ধারায় লটারি এবং প্রতিযোগিতা থেকে পাওয়া পুরস্কারের অর্থের উপর ৩০ শতাংশ হারে কর বসানোর কথা বলা হয়েছে। এই আয়ের ক্ষেত্রে সাধারণ বেতনের মতো করছাড়ের সুবিধাও মেলে না।
ধরা যাক, কোনও ব্যক্তি লটারি বা প্রতিযোগিতায় ১ কোটি টাকা পুরস্কার পেলেন। নির্ধারিত ৩০ শতাংশ হারে হিসাব করলে প্রথম ধাপেই কর বাবদ চলে যাবে ৩০ লক্ষ টাকা। অর্থাৎ, এই কাটছাঁটের পর পুরস্কারের অবশিষ্ট অঙ্ক দাঁড়াবে ৭০ লক্ষ টাকা। এরপর ১০ লক্ষ টাকার বেশি পুরস্কারের ক্ষেত্রে সারচার্জ যুক্ত হয়। ৩০ লক্ষ টাকার উপর ১০ শতাংশ সারচার্জ ধরলে আরও ৩ লক্ষ টাকা কর দিতে হবে। তার সঙ্গে যোগ হবে শিক্ষা সেস। সব মিলিয়ে ১ কোটি টাকার পুরস্কার থেকে আনুমানিক ৩৩ থেকে ৩৪ লক্ষ টাকা কর হিসেবে কেটে নেওয়া হতে পারে।
এই হিসেব ধরে করলে লটারির বিজেতার হাতে প্রায় ৬৬ থেকে ৬৭ লক্ষ টাকা পৌঁছাবে। অর্থাৎ পুরস্কারের ঘোষিত অঙ্ক ১ কোটি হলেও কর কেটে নেওয়ার পর প্রকৃত প্রাপ্তি তার চেয়ে যথেষ্ট কম। এক্ষেত্রে জয়ী ব্যক্তিকে সাধারণত আলাদা করে পুরস্কারের টাকা হাতে নিয়ে আয়কর জমা দেওয়ার প্রক্রিয়ায় যেতে হয় না। পুরস্কার প্রদানকারী সংস্থাই TDS বা ‘ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স’-এর নিয়ম মেনে নির্ধারিত কর কেটে নেয়। এরপর কর বাদ দেওয়ার পর যে অর্থ অবশিষ্ট থাকে, সেটিই জয়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।

আরও পড়ুন : সাম্মানিক বাবদ বরাদ্দ প্রায় ২০০ কোটি, এই কর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্যের
তাই লটারি বা কোনও রিয়ালিটি শো-তে বড় অঙ্কের পুরস্কার জিতলে ঘোষিত টাকার পুরোটাই হাতে আসবে—এমনটা ধরে নেওয়া ঠিক নয়। পুরস্কার পাওয়ার পর কত টাকা কর বাবদ কাটা যাবে, সেই হিসাব জানলে হাতে আসা প্রকৃত অঙ্কটি আগেই জানা হয়ে যাবে।













