‘আমার সম্মানের বিনিময়ে ফুটেজ তৈরি হচ্ছে’ অভিষেকের আবেদনে কী বলল হাইকোর্ট?

Published on:

Published on:

Abhishek Banerjee files petition in High Court over defamation charges
Follow

বাংলা হান্ট ডেস্ক : তদন্তের গোপনীয়তা এবং ব্যক্তিগত তথ্য প্রকাশ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু সেই আবেদনে সরাসরি হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। পুলিশের তদন্ত সংক্রান্ত বিষয়ে এই বেঞ্চের এক্তিয়ার নেই বলে জানিয়ে বিষয়টি উপযুক্ত বেঞ্চে তোলার পরামর্শ দিলেন বিচারপতি কৃষ্ণ রাও। ফলে আপাতত আদালত থেকে কোনও সুরক্ষা নির্দেশ পেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

কেন আদালতের দারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ?

মামলার শুনানিতে মূল প্রশ্ন ছিল, কোনও ব্যক্তির বিরুদ্ধে পুলিশি তদন্ত চলাকালীন সেই তদন্তের নানা তথ্য সংবাদমাধ্যমে প্রকাশ করা যায় কি না। অভিষেকের আইনজীবীর অভিযোগ, তদন্তের অগ্রগতি থেকে শুরু করে তল্লাশি এবং তদন্তকারীরা কী জানতে চাইছেন, তারও কিছু অংশ সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এর ফলে একদিকে যেমন তাঁর ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে তদন্তের স্বাভাবিক গতিও প্রভাবিত হতে পারে।

আবেদনের পক্ষে সওয়াল করতে গিয়ে অভিষেকের আইনজীবী বলেন, “আমার বিরুদ্ধে তদন্ত হচ্ছে। আমার অধিকার আছে আমার ব্যক্তিগত তথ্য যাতে বাইরে না আসে। তদন্তের অগ্রগতি বা তল্লাশি। সব কিছু মিডিয়ার সামনে আসা অবাঞ্ছনীয়। কিন্তু তদন্তকারী সংস্থা ও কিছু প্রাইভেট মিডিয়া এগুলো প্রকাশ্যে আনছে। যা সার্বিক তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।”

শুধু ব্যক্তিগত তথ্য প্রকাশ নয়, সংবাদমাধ্যমে ধারাবাহিক রিপোর্ট প্রকাশের ফলে তাঁর সামাজিক সম্মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আদালতে দাবি করা হয়। আইনজীবীর বক্তব্য, তদন্তের বিভিন্ন তথ্য কীভাবে প্রকাশ্যে আসছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। এমন পরিস্থিতিতে তদন্তকারী সংস্থা এবং সংবাদমাধ্যমের ক্ষেত্রে নির্দিষ্ট গাইডলাইন প্রয়োজন বলেও আদালতের সামনে দাবি জানানো হয়।

সেই প্রসঙ্গে অভিষেকের আইনজীবী আরও বলেন, “আমার (অভিষেকের) মানসম্মান আছে। স্ক্যান্ডালাইজ করতে তথ্য সামনে আনা হচ্ছে৷ ক্ষতি করছে। একটি গাইডলাইন থাকা দরকার। তদন্তকারীরা কি জিজ্ঞাসা করছে তাও সামনে আসছে। এর আগেও এই আদালত এমন নির্দেশ দিয়েছে। মিডিয়া আমার বিরুদ্ধে ক্যাম্পেন করছে। তদন্তকারী সংস্থা আমার বিরুদ্ধে কিছু তথ্য ফাঁস করছে। আমার সম্মানের বিনিময়ে ফুটেজ তৈরি হচ্ছে। ”

Abhishek Banerjee files petition in High Court over defamation charges

আরও পড়ুন :১৫ বছরেও মেলেনি হদিশ! দুই যুবকের নিখোঁজ রহস্যে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

অভিষেকের আবেদনের পর বিচারপতি কৃষ্ণ রাও বলেন, “এতে আদালত কি হস্তক্ষেপ করবে? এই আদালতের এক্তিয়ার নেই। পুলিশের সম্পর্কিত বিষয় হলে এই আদালত সেই মামলা শুনতে পারে না। আমি মামলা খারিজ করছি না। আপনাদের বলব, উপযুক্ত বেঞ্চে গিয়ে মেনশন করুন।” এরপর মামলাটি থেকে সরে দাঁড়ান বিচারপতি কৃষ্ণ রাও। এখন উপযুক্ত বেঞ্চে বিষয়টি তোলা হলে তদন্ত চলাকালীন তথ্য প্রকাশ, ব্যক্তিগত গোপনীয়তা এবং সংবাদমাধ্যমে রিপোর্টিং নিয়ে কী ধরনের আইনি নির্দেশ আসে, তা পরবর্তী সময়ে জানা যাবে।