বিশ্বকাপ জিততে চাইলে শুভমান গিলের থেকে নেতৃত্ব কেড়ে নিক গম্ভীর! বিস্ফোরক প্রাক্তন ভারতীয় ওপেনার

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে প্রতিটি ওডিআই সিরিজের মধ্যে দিয়ে আসন্ন ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) প্রস্তুতি নিচ্ছে শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে চিন্তায় রয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতলেও বোলারদের শোচনীয় পারফরম্যান্স চিন্তা বাড়াচ্ছে ভক্তদের। এমন অবস্থায় রোহিত শর্মাকে (Rohit Sharma) ফের একবার ভারতীয় দলের অধিনায়ক নিযুক্ত করার দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর।

সম্প্রতি চোট-আঘাত সহ আরও নানাবিধ কারণে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অংশ হতে পারেননি। এই বিষয়টি নিয়ে সন্তুষ্ট ছিলেন না ভারতের বর্তমান অধিনায়ক শুভমান গিল। তিনি পরীক্ষা-নিরীক্ষা বাদ দিয়ে আগামী সিরিজগুলি থেকে পূর্ণশক্তির ভারতীয় দল নিয়ে মাঠে নামতে আগ্রহী।

কিন্তু ওয়াসিম জাফর মনে করেন আসন্ন বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার জন্য বর্তমান অধিনায়ক শুভমান গিল যথেষ্ট অভিজ্ঞ নন। আর মহাতারকা ও অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা যখন এখনও খেলে চলেছেন এই নির্দিষ্ট ফরম্যাটে, তখন অধিনায়কত্বের ব্যাটন তার হাতেই থাকা উচিত। বিশ্বকাপ শেষ হওয়ার পর ফের শুভমান গিলকে নেতৃত্ব দেওয়া যেতে পারে বলে পরামর্শ দিচ্ছেন তিনি।

আরও পড়ুন: গম্ভীর নন, এই মেন্টরের পরামর্শে সফল হচ্ছেন শ্রেয়স! খুব শীঘ্রই ছুঁয়ে ফেলবেন কোহলির এই বিরাট রেকর্ড

নিজের বক্তব্যে জাফর বলেছেন, “রোহিত শর্মাকে ওয়ান ডে দলের অধিনায়ক হিসেবেই রেখে দেওয়া উচিত ছিল। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবেও তাঁরই থাকা উচিত ছিল। আমি বলব না যে সিদ্ধান্তটি পুরোপুরি ভুল ছিল, কারণ শুভমান গিল ভালোই করেছেন। তবে রোহিত শর্মার মতো কাউকে যখন পাওয়া যাচ্ছে, তখন তাঁকেই অধিনায়ক করা উচিত। ৫০ ওভারের বিশ্বকাপের পর শুভমান গিলের হাতে নেতৃত্বের ভার তুলে দেওয়া তো যেকোনো সময়ই সম্ভব।”

আরও পড়ুন: রোহিত, রাহুলদের ক্লাবে ঢুকলেন শ্রেয়স আইয়ার! ভারতকে জিতিয়ে গড়লেন এই বিরাট রেকর্ড

সম্প্রতি শুভমান গিলের নেতৃত্বে প্রথম ব্যাট করে স্কোরবোর্ডে ৩৫১ রান তুলেও জিততে ব্যর্থ হয় ভারত। কিন্তু পরিসংখ্যান বলছে রোহিতের অধিনায়কত্বে মোট ১৪ বার ভারতীয় দল প্রথমে ব্যাটিং করে আড়াইশো রানের গণ্ডি টপকেছিল। আর সেই প্রতিটি ম্যাচেই ভারতীয় দল জয়ের মুখ দেখেছিল। অনেকেই এই পরিসংখ্যান সামনে এনে জাফরের এই দাবিকে ন্যায্য বলে তুলে ধরতে চাইছেন।