মোহনবাগানের কাছে শিল্ড ফাইনাল হেরে রেগে আগুন ইস্টবেঙ্গল কোচ হাবাস! দোষ চাপালেন আয়োজকদের ওপর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাস দেড়েক আগেই ইস্টবেঙ্গলকে (East Bengal) তার তরফ থেকে প্রথম ট্রফি উপহার দিয়ে হয়ে উঠেছিলেন লাল-হলুদ জনতার নয়নের মণি। কিন্তু ডুরান্ড জয়ের অল্প সময় পরেই বদলে গেলো পরিস্থিতি। আইএফএ শিল্ড (2026 IFA Shield) ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের (Mohun Bagan) বিরুদ্ধে ১-০ ফলে কলকাতা ডার্বি হেরেছে আন্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) দল। আর সেই হারের পরই সমর্থকরা ক্ষোভ উগরে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচকে লক্ষ্য করে।

যদিও ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশের দাবি যে এই প্রতিযোগিতাকে সিরিয়াসলি নেননি লাল-হলুদ কোচ। তাই সেমিফাইনালে নর্থইস্টের বিরুদ্ধে ৭-২ ফলে জেতা ম্যাচের গোলদাতাদের শুরুর একাদশেই রাখেননি তিনি। কিন্তু হাবাসের আচরণ অন্য গল্প বলছে। ডার্বি হারের পরে তাকে চূড়ান্ত অসন্তুষ্ট দেখিয়েছে। এমনকি ফাইনালের পর সাংবাদিক সম্মেলন পর্যন্ত বয়কট করেন লাল-হলুদ শিবিরের কোচ।

স্প্যানিশ কোচের সাংবাদিক সম্মেলন বয়কটের মতো ঘটনা অবশ্য সাম্প্রতিক অতীতে একেবারেই বিরল নয়। ডুরান্ড কাপ ফাইনাল হারের পরেও একইভাবে সাংবাদিক সম্মেলন বয়কট করেছিলেন মোহনবাগানের নতুন গ্রিক কোচ প্যানাগিওটিস ডিলেমপেরিস। তবে এবারে নিজের সময়কালে দলকে প্রথম ট্রফি জিতিয়ে ফুটবলারদের সাথে আইএফএ শিল্ড ট্রফি উদযাপন করে তারপর অপেক্ষায় সাংবাদিক সম্মেলনে এসেছিলেন তিনি।

আরও পড়ুন: ব্রাজিল, পানামা ম্যাচের সুখস্মৃতি ভুলিয়ে ভারতকে গোলের মালা পড়িয়ে কঠোর বাস্তবের ছোঁয়া দিল উরুগুয়ে

ফাইনাল হারের পরের দিন অবশ্য গোটা টুর্নামেন্টের আয়োজনের বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন হাবাস। ইস্টবেঙ্গল কোচ সরাসরি বলেছেন, “আমি একজন সিরিয়াস প্রফেশনাল। যেমনটা বিশ্বজুড়ে প্রতিটা কোচের ক্ষেত্রে হয়, কোনও সময়ে আমি জিতি, আবার কখনও হেরেও যাই। কিন্তু আমার নীতিবোধ আমাকে কোনও সার্কাসের পশুর মতো ব্যবহার করতে বাঁধা দেয়। এই প্রতিযোগিতা আমাকে এমনটাই ভাবিয়েছে। খেলার সুচি, খেলার মাঠ, রেফারিদের নির্বাচন, যেভাবে ম্যাচগুলো দেওয়া হচ্ছে, এই বিষয়গুলি কখনোই একটি সিরিয়াস ও পেশাদার প্রতিযোগিতার পর্যায়ে মতো ছিল না। এখানে পেশাদারদের প্রতি সম্মান দেখানো হয় না, আর আমি এই খেলায় তাল মিলিয়ে চলতে রাজি নই।”

আরও পড়ুন: কেন বিশ্বকাপ ফাইনাল হেরেছিল আর্জেন্টিনা? লিওনেল মেসির বিদায়ী বক্তব্যে ফাঁস হলো আসল রহস্য

আইএফএ শিল্ড ফাইনালে চলাকালীনও বারবার মেজাজ হারাচ্ছিলেন ইস্টবেঙ্গল কোচ। ম্যাচ চলাকালীনও রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে উত্তেজিত হতে দেখা যায় হাবাসকে। বিরতির সময় মাঠে ঢুকে রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধেও সাইডলাইনে দাঁড়িয়ে নিজের দলের ফুটবলারদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন লাল-হলুদ কোচ। ডার্বিতে হার, ট্রফি হাতছাড়া এবং সাংবাদিক সম্মেলনে অনুপস্থিতি এবং এখন এই বক্তব্য, সব মিলিয়ে এসিএল টু-এর পরবর্তী ম্যাচগুলি ও আইএসএলের নতুন মরশুম শুরুর আগে যাবতীয় পাদপ্রদীপের আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন স্প্যানিশ তারকা।