রাজ্যে গুন্ডা দমন বিল কেন চালু হয়নি? কবে কার্যকর হবে, জানালেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

CM Suvendu Adhikari explains why the anti-goon bill was not implemented
Follow

বাংলা হান্ট ডেস্ক : পুলিশের উপর হামলা রুখতে এবং সরকারি সম্পত্তি নষ্টের ঘটনায় কড়া ব্যবস্থা নিতে রাজ্যে একাধিক আইনি পদক্ষেপের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু গুন্ডা দমন বিল কার্যকর না হওয়ায় প্রশ্ন উঠছে, প্রক্রিয়া আটকে রয়েছে কোথায়? গুন্ডা দমন‌ বিল কেন এখনও লাগু করা যায়নি, সেই নিয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী।

গুন্ডা দমন বিল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)

পুলিশের কাজের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে বাহিনীর পরিকাঠামো এবং কর্মীর অভাবের প্রসঙ্গ তোলেন শুভেন্দু। তাঁর মতে, পর্যাপ্ত কর্মী, সাইবার ব্যবস্থা ও প্রয়োজনীয় পরিকাঠামো ছাড়া পুলিশকে অপরাধের মোকাবিলায় পাঠালে তাঁদের নিজেদেরই আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। অতীতে পুলিশের উপর হামলার কয়েকটি ঘটনার উল্লেখ করে তিনি জানান, বাহিনীর উপর আক্রমণ এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এই প্রসঙ্গে পার্কস্ট্রিটে সিআরপিএফের উপর পাথর ছোড়া এবং আসানসোলে পুলিশ ফাঁড়ি ভাঙচুরের ঘটনাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “আমাদের রাজ্যে এতদিন সিভিক নির্ভর পুলিশ ব্যবস্থা চালানো হয়েছে। ম্যান পাওয়ার না থাকলে, সাইবার, পরিকাঠামো ইত্যাদি না থাকলে আপনাকে লড়াই করতে পাঠাব, আপনি নিজেই তো আক্রান্ত হবে। পার্কস্ট্রিটে সিআরপিএফদের পাথর ছোড়া হল, আমি নিজে গিয়েছি সেখানে। বলে এসেছি যতদিন পুলিশমমন্ত্রী রয়েছি, যদি কেউ পুলিশের গায়ে হাত দেয় তার অবস্থা খারাপ হবে। আসানসোলে পুলিশ ফাঁড়ি ভেঙে দিয়েছিল। টাকা আদায় করেছি তাঁদের কাছ থেকে।”

এর পরেই পুলিশের হাতে আরও আইনি ক্ষমতা তুলে দেওয়ার উদ্যোগের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কথায়, “দুটি আইন এনেছি আপনাদের হাত শক্তিশালী করার জন্য। একটা হল সরকারি সম্পত্তি ক্ষতি করলে তা আদায় করার আইন, আরেকটা প্রিভেন্টিং অ্যারেস্ট। একটা আইন কার্যকর হয়ে গিয়েছে। আরেকটা আন্ডার কন্সিডারেশন রয়েছে।”

এই দ্বিতীয় আইনটি নিয়েই তৈরি হয়েছে মূল প্রশ্ন। কেন সেটি এখনও কার্যকর করা যাচ্ছে না, তার ব্যাখ্যা দিতে গিয়ে এনডিপিএস আইনের সঙ্গে যুক্ত একটি আইনি বিষয় এবং মৃত্যুদণ্ডের বিধানের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সেখানে এনডিপিএস-এর একটি অ্যাক্টের সঙ্গে ক্যাপিটাল পানিসমেন্টের প্রশ্ন আছে। আমরা আশা করব কিছুদিনের মধ্যে পেয়ে যাব। এর আগে অন্ধ্রপ্রদেশ পেয়েছে।”

CM Suvendu Adhikari explains why the anti-goon bill was not implemented

আরও পড়ুন : জন্ম শংসাপত্রের সঙ্গে আধার লিঙ্ক করবেন কীভাবে? অনলাইন আবেদনের আগে জেনে নিন নিয়ম

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিলে সই করেননি বলে যে আলোচনা হয়েছে, তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আগেই দাবি করেছিলেন, বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়নি। তাঁর বক্তব্য অনুযায়ী, একটি অংশ কার্যকর হয়েছে এবং অন্য অংশটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিবেচনার জন্য পাঠানো হয়েছে। তবে ওই অংশের চূড়ান্ত অনুমোদন বা কার্যকর হওয়ার নির্দিষ্ট দিনক্ষণ তিনি জানাননি। ফলে রাজ্যে গুন্ডা দমন বিলের বাকি অংশ কবে চালু হবে, তা এখনও স্পষ্ট নয়।