Durga Puja 2026 Live Updates

চমক হাওড়ার শিল্পালয়ে! দেশলাই কাঠি-তুলসী কাঠি দিয়ে ফুটে উঠছে দুর্গা প্রতিমা

Published on:

Published on:

Idols made with match sticks on Durga Puja
Follow

বাংলা হান্ট ডেস্ক : দুর্গাপুজো (Durga Puja) মানেই শহর থেকে গ্রাম—সর্বত্র মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনের ধুম। কিন্তু পুজোর প্রচলিত সেই ছবির বাইরে গিয়েও যে অভিনব শিল্পকর্ম মানুষের নজর কাড়তে পারে, তারই নজির তৈরি করেছেন গ্রামীণ হাওড়ার শিল্পী শ্যাম জানা। মাটি দিয়ে প্রতিমা গড়ার চেনা রীতি থেকে বেরিয়ে ফেলে দেওয়া ও নিত্যব্যবহার্য সামগ্রী কাজে লাগিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন দেবী দুর্গার রূপ। তাঁর এই ব্যতিক্রমী শিল্পকর্ম ঘিরেই পুজোর আবহে দর্শনার্থীদের কৌতূহল বাড়ছে।

দুর্গাপুজোয় (Durga Puja) শিল্পীর হাত ধরে বিশেষ চমক হাওড়ায়

সাধারণত দুর্গাপ্রতিমা তৈরির ক্ষেত্রে মাটি, খড় এবং নানা প্রথাগত উপকরণ ব্যবহার করা হয়। কিন্তু শ্যাম জানার ভাবনায় রয়েছে নতুনত্ব। দৈনন্দিন জীবনে যেসব সামগ্রী অনেক সময় অবহেলায় পড়ে থাকে কিংবা ব্যবহারের পরে ফেলে দেওয়া হয়, সেগুলিকেই শিল্পের উপাদান হিসেবে কাজে লাগিয়েছেন তিনি। বিগত ১২ বছর ধরে সুতো,কয়লা, আখের ছিবড়ে, নারকেল মালা দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছেন শিল্পী শ্যাম জানা। তবে ঠাকুর তৈরি করাই তার একমাত্র পেশা না। তিনি একটি কারখানায় কর্মরত। কাজ থেকে ফিরে এই প্রতিমা নির্মাণ করা তার নেশা।

এবছর তুলসী কাঠি ও অগণিত দেশলাই কাঠি দিয়ে প্রতিমা তৈরি করছেন তিনি। পুজোর মূল উৎসব শুরু হওয়ার আগেই শিল্পীর এই কাজ দেখতে মানুষের আগ্রহ তৈরি হয়েছে। গ্রামীণ হাওড়ার তাঁর ছোট্ট শিল্পালয় এখন দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিমার অভিনব নির্মাণশৈলী যেমন নজর কাড়ছে, তেমনই সাধারণ উপকরণ দিয়ে এতটা সৃজনশীল কাজ করা সম্ভব—এই ভাবনাও মানুষকে আকৃষ্ট করছে।

Idols made with match sticks on  Durga Puja

আরও পড়ুন : মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ১৫ লক্ষ হাতানোর অভিযোগ! সোহমের আগাম জামিনের আবেদন খারিজ করল হাইকোর্ট

শ্যাম জানার এই উদ্যোগের মধ্যে শিল্পভাবনার পাশাপাশি রয়েছে পুনর্ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ দিক। ফেলে দেওয়া সামগ্রীকে নতুনভাবে কাজে লাগিয়ে কীভাবে সৃষ্টিশীল শিল্পকর্ম তৈরি করা যায়, তাঁর কাজ সেই সম্ভাবনাকেই সামনে এনেছে। দুর্গাপুজোয় বড় বাজেটের মণ্ডপ কিংবা চোখধাঁধানো আলোকসজ্জার পাশাপাশি শিল্পীর নিজস্ব ভাবনা ও হাতের কাজও যে মানুষের মনে জায়গা করে নিতে পারে, শ্যাম জানার সৃষ্টি তারই উদাহরণ।