বাংলা হান্ট ডেস্কঃ আমাদের দেশে সরকারি চাকরি মানেই মোটা মাইনে আর সুরক্ষিত কর্মজীবন। তাই দেশের অধিকাংশ বেকার যুবক-যুবতীদের কাছে কাছে দীর্ঘমেয়াদী সরকারি চাকরির অন্য আর কোন বিকল্প নেই। তবে যদি সরকারি চাকরির মেয়াদ (Governemnt Job Tenure) থাকে? চাকরি পাওয়ার পর ১০-১৫ বছরের নির্দিষ্ট চাকরি জীবন সীমাবদ্ধ করে দেওয়া হয়? সম্প্রতি এমনই প্রস্তাব উঠে এল সরকারের কাছে।
সর্বোচ্চ ১০-১৫ বছর থাকবে সরকারি চাকরির! এল নতুন প্রস্তাব
সাধারণত একবার সরকারি চাকরি পেয়ে গেলে ৩০ থেকে ৩৫ বছরের নিশ্চিত কর্মজীবন থাকে। আর দীর্ঘমেয়াদী কাজের সুযোগের সাথেই থাকে নিশ্চিত আয়ের সুযোগ। কিন্তু এবার সরকারি চাকরিজীবীদের কাজের নিয়মেও আসতে পারে বিরাট বদল। যার ফলে এক ধাক্কায় চাকরির মেয়াদ কমিয়ে ১০-১৫ পনেরো বছর পর্যন্ত সীমাবদ্ধ (Government Job Tenure Limitation) করে দেওয়া হতে পারে।
দেশজুড়ে থাকা বেকারত্বের সমস্যা (Unemployment) মেটাতে এদিন এমনই এক অভিনব প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। সরকারি চাকরির মেয়াদ কমানোর পিছনে তাঁর যুক্তি, চাকরির মেয়াদ কমিয়ে দেওয়া হলে ওই একই পদে অনেক বেশি কর্মী নিয়োগ করা যাবে। এর ফলে অনায়াসেই দেশে বেকারত্বের সংখ্যা কমবে এবং অনেক বেশি সংখ্যক যুবক-যুবতীর কর্মসংস্থান হবে। এর ফলে একসাথে উপকৃত হবেন বহু পরিবার।
আরও পড়ুনঃ আবার SIR হোক পশ্চিমবঙ্গে! জ্ঞানেশ বিক্ষোভের মাঝেই ব্যাখ্যা সহ দাবি শমীক ভট্টাচার্যের
শুক্রবার ব্যাঙ্গালোরে যুবক যুবতীদের সঙ্গে কথোপকথনের সময় এহেন প্রস্তাব রেখেছেন কেন্দ্রীয় মন্ত্রী। যা রাজনৈতিকভাবেও বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য সামনেই আসছে কর্নাটকের বিধানসভা নির্বাচন। তার আগে কেন্দ্রীয় ভারী শিল্প ইস্পাত মন্ত্রীর এহেন প্রস্তাব রাজনৈতিকভাবেও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে আগামী দিনে ইস্পাত মন্ত্রীর এই ভাবনাই হয়ে উঠতে পারে নির্বাচনী প্রতিশ্রুতি।
প্রসঙ্গত দীর্ঘ ১২ বছর ধরে ক্ষমতায় থাকার পরেও বিজেপি সরকারের বিরুদ্ধে ওঠা সবচেয়ে বড় অভিযোগ গুলির মধ্যে অন্যতম বেকারত্ব। ক্ষমতায় আসার শুরুতে সারা দেশজুড়ে বিপুল কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও রয়েছে অধরা। যা নিয়ে হামেশাই সরব হয়ে থাকেন বিরোধীরা। তাই এদিন বেকারত্ব ঘোচাতে এই অভিনব প্রস্তাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।
তাঁর মতে সরকারি চাকরিতে মেয়াদ ৩০ থেকে ৩৫ বছর হওয়ায় একই পরিবার দীর্ঘদিন ধরে আর্থিক সুরক্ষা পেয়ে থাকেন। তাই তিনি মনে করছেন যারা সরকারি চাকরি পান না এবার তাদের কথাও ভাবার দরকার আছে। তাই বেকারত্ব ঘোচাতে কুমারস্বামীর যুক্তি নির্দিষ্ট সময় পর যদি একজন কর্মী অবসর গ্রহণ করেন তাহলে তার জায়গায় অন্য কাউকে নিয়োগ করা যাবে যার ফলে দেশের কর্মসংস্থান বৃদ্ধির সাথে সাথে উপকৃত হবেন বহু পরিবার।












