বাংলা হান্ট ডেস্কঃ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী দিল্লি। এই আবহে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নতুন করে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) করার দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। এই দাবি করার পিছনে নির্দিষ্ট যুক্তিও দিয়েছেন তিনি।
আবার SIR হওয়া দরকার বললেন শমীক ভট্টাচার্য
সংবাদমাধ্যমে তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘আরও একবার এই এসআইআর প্রক্রিয়া করা দরকার। কারণ আগেরবার এই প্রক্রিয়াটি সুষ্ঠভাবে সম্পন্ন হয়নি।’ একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন ‘আগেরবার আক্রমণের মুখে পড়েছিলেন আধিকারিকরা, বহু মানুষের নথি কেড়ে নিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল।’
তৃণমূল আমলে হওয়া গতবারের এস আই আর প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন না হওয়ার জন্য এদিন তৃণমূল সরকারকেই দায়ী করেছেন শমীক বাবু। তার দাবি তৃণমূল কংগ্রেসের অপশাসনই এই প্রক্রিয়া মসৃণভাবে সম্পন্ন না হওয়ার জন্য দায়ী। যদিও এদিন একইসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পুরস্কৃত করারও দাবি তুলেছেন তিনি। তাছাড়া তিনি মনে করেন জ্ঞানেশ কুমার ভোট চোর নন বরং তিনি ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করেছেন। তাই তাকে পুরস্কৃত করাই উচিত।
আরও পড়ুনঃ পুজোর মণ্ডপে নেই আগের সেই দাপট! পালাবদলের পর তৃণমূলের প্রবীণ নেতাদের উৎসব কেমন কাটছে?
যদিও তৃণমূল নেতা কুণাল ঘোষ শমীক ভট্টাচার্যের এই মন্তব্যকে স্ববিরোধী বলে দাবি করেছেন। বিজেপি নেতাকে পাল্টা কটাক্ষ করে তিনি বলেছেন, ‘শমীকবাবুদের নেতারাই তো জ্ঞানেশ কুমারকে দিয়ে এসআইআর করিয়ে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছেন। তাঁরা এখনও বিচারাধীন তালিকায় রয়েছেন। শমীক বাবুর কথা মত যদি প্রক্রিয়াতেই গলদ থাকে তাহলে তিনি কীভাবে সেই জ্ঞানেশ কুমারকেই পুরস্কৃত করার কথা বলছেন? এ তো স্ববিরোধী কথা। ওঁকে বরখাস্ত উচিত।’
প্রসঙ্গত একদিকে দিল্লিতে যখন জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে আন্দোলন চলছে। তখনই এই আন্দোলনে বিরোধী নেতাদের সাথে প্রতিবেশী দেশ বাংলাদেশের যোগসূত্র থাকার দাবিতে সরব হয়েছেন বিজেপি নেতারা। বিজেপি নেতাদের দাবি সিজেপির এই আন্দোলনের সাথে সরাসরি যোগসূত্র রয়েছে বিদেশি শক্তির।














