বাংলা হান্ট নিউজ ডেস্কঃ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অসাধারণ জয় পেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ২২৫ রান তাড়া করতে নেমে সফল রানচেজ করে নেয় মেন ইন ব্লুজ। আর এই ম্যাচে সঞ্জু, শ্রেয়স ছাড়াও ভারতের জয়ের জয়ের নতুন নায়ক হয়েছেন নমন ধীর (Naman Dhir)! মাত্র এক সপ্তাহের ব্যবধানেই নিজের ব্যাটিংয়ের ঝলকে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নিয়েছেন এই অলরাউন্ডার।
বেশ কিছু ম্যাচে সুযোগ পাওয়ার পর গত ১৭ অক্টোবর চিন্নাস্বামীতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অমীমাংসিত ম্যাচে মাত্র ৬ বলে অপরাজিত ২৪ রান করে দেখিয়েছিলেন নিজের বিধ্বংসী ব্যাটিংয়ের নমুনা দেখিয়েছিলেন নমন। আর আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ব্যাট হাতে আরও ভয়ংকর হয়ে উঠলেন তিনি। মাত্র ১৫ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলে বুঝিয়ে দিলেন, চাপের মুখেও কীভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে তিনি প্রস্তুত।

স্লগ ওভারগুলোতে দ্রুত রান তোলা, অল্প বল খেলার সুযোগ পেলেও সেই সময়েই ম্যাচের সমীকরণ বদলে দেওয়া, একজন আদর্শ ফিনিশারের যে গুণগুলো প্রয়োজন, নমন ধীরের ব্যাটে যেন তারই ঝলক দেখা যাচ্ছে। শেষ দুটি ম্যাচে তার ব্যাট থেকে এসেছে দুটি বিধ্বংসী ইনিংস, আর ভারতের ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন, তাহলে কি ভারতীয় দল পেয়ে গেল তাদের নতুন ফিনিশার?
নমন ধীরের এই দুর্দান্ত শুরু যদি ধারাবাহিকতায় পরিণত হয়, তাহলে ভবিষ্যতে ভারতীয় দলের ফিনিশার হিসেবে তিনি হয়ে উঠতে পারেন এক গুরুত্বপূর্ণ নাম। যে ভূমিকা দীর্ঘদিন ভারতীয় দলের জার্সিতে মহেন্দ্র সিংহ ধোনি পালন করে এসেছেন এখন সেই ভূমিকাই তার কাছ থেকে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন: ফিটনেসের দৌড়ে গত ৪ বছরে কোহলিকেও টেক্কা দিয়েছেন রোহিত শর্মা! সামনে এলো অদ্ভুত পরিসংখ্যান
এদিন নমনের ১৫ বলে ৪২ রানের ইনিংসটি ছাড়া ভারতীয় দলের পক্ষে জয় পাওয়া সম্ভব ছিল না। সঞ্জু স্যামসন দুর্দান্ত শুরু করলেও ম্যাচ ফিনিশ করে আসতে পারেননি। বুদ্ধিদীপ্ত ব্যাটিং করলেও শ্রেয়স যখন আউট হন তখনও ভারতের জয় পুরোপুরি নিশ্চিত হয়নি। নমনের ইনিংসটি সাজানো ছিল পাঁচটি চার ও দুটি ছক্কা দিয়ে। তবে ফিনিশার হিসেবে তিনি ধোনির জায়গা নিতে পারবেন কিনা সেই জবাব অবশ্য সময়ই দেবে।














