বাংলা হান্ট ডেস্কঃ জনগণনার প্রথম ধাপ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে জনগণনার (Census 2027) দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা। সেখানে নাগরিকদের মোট ৪০টি প্রশ্নের জবাব দিতে হবে। ফোন নম্বর, ব্যাঙ্ক ডিটেলস, আধার কার্ড, ভোটার কার্ড সহ বেশ কিছু ব্যক্তিগত তথ্যও (Census Questions) কেন্দ্রীয় সরকারকে জানাতে হবে।
জনগণনার দ্বিতীয় ধাপে কী কী প্রশ্ন করা হবে? | (Census 2027)
আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের ৪ জানুয়ারির মধ্যে জনগণনার দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন হওয়ার কথা। আগামী বছর জনগণনার তালিকা প্রকাশিত হবে। এবারের জনগণনায় প্রথমবার জাতিভিত্তিক তথ্যের পাশাপাশি বেশ কিছু ব্যক্তিগত তথ্যও সংগ্রহ করা হবে। রেজিস্ট্রারার জেনারেল অফ ইন্ডিয়া এমনটাই ঘোষণা করেছেন।
আরও পড়ুনঃ পুরভোটে BJP-র প্রোজেক্টেড মেয়র সজল ঘোষ? এবার জানালেন দিলীপ ঘোষ
১৮৭২ সাল থেকে ২০১১ সাল অবধি হওয়া জনগণনাগুলিতে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হত না। সাধারণত উপজাতি বা জনজাতি ক্যাটাগরির অন্তর্ভুক্ত কিনা সেটা জানা হত। এই প্রথমবার নাগরিকদের জাতিভিত্তিক তথ্যের পাশাপাশি ব্যক্তিগত তথ্য, বিয়ে হয়েছে কিনা, বিয়ে হয়ে থাকলে বিয়ের সময় বয়স, স্বামীর নাম, নাগরিকত্ব, মাতৃভাষা, শিক্ষাগত যোগ্যতা সহ আরও বেশ কিছু তথ্য জানতে চাওয়া হবে।
জনগণনার দ্বিতীয় ধাপের ৩৪ নম্বর প্রশ্নে করোনা টিকাকরণের বিষয়ে জানতে চাওয়া হবে। সংশ্লিষ্ট ব্যক্তি করোনার টিকা নিয়েছেন কিনা, ভারতে নাকি অন্য কোনও দেশে টিকা নিয়েছেন সেসব তথ্য জানতে চাওয়া হবে। ৩৫ নম্বর প্রশ্নে ব্যাঙ্ক ডিটেলস চাওয়া হবে। কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তা জানাতে হবে। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জানাতে হবে না।

৩৬ নম্বর প্রশ্নে সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বর রয়েছে কিনা তা জানাতে হবে। যদি মোবাইল নম্বর থেকে থাকে, তাহলে সেই নম্বর জানাতে হবে। ৩৭ নম্বর প্রশ্নে আধার কার্ডের নম্বর, ৩৮ নম্বর প্রশ্নে ভোটার আইডি নম্বর, ৩৯ নম্বর প্রশ্নে ভারতীয় পাসপোর্ট রয়েছে কিনা, থাকলে সেই নম্বর জানাতে হবে। ৪০ নম্বর প্রশ্নে ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সেটা জানতে চাওয়া হবে।
জনগণনার প্রথম ধাপের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে যাবতীয় প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছেন আধিকারিকরা। এবার দ্বিতীয় ধাপের পালা। সেখানে এই ধরণের ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া হলেও এর কোনও নথি কিংবা ফটোকপি চাওয়া হবে না বলে জানানো হয়েছে।














