বাংলা হান্ট ডেস্ক : পুজোর আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ল। কেন্দ্রের তরফে ৩ শতাংশ ডিএ বাড়ানোর কথা জানানো হয়েছে। এর ফলে কর্মরত সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও উপকৃত হবেন। মুদ্রাস্ফীতির প্রভাব সামাল দিতে কর্মীদের আর্থিক সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই ডিএ চালু রয়েছে।
নতুন হারে কত শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাবেন কেন্দ্রীয় কর্মচারীরা ?
সাধারণ নিয়মে কেন্দ্রীয় সরকার বছরে দু’বার—একবার জানুয়ারি এবং অন্যবার জুলাই মাসকে কেন্দ্র করে মহার্ঘ ভাতা সংশোধন করে। মূল বেতনের নির্দিষ্ট শতাংশ ধরে এই ভাতা হিসাব করা হয়। ফলে ডিএ বাড়লে কর্মীদের মোট প্রাপ্য অর্থও বৃদ্ধি পায়। পেনশনভোগীদের ক্ষেত্রেও একইভাবে মহার্ঘ স্বস্তির সুবিধা মেলে। এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মীরা মূল বেতনের ৬০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন। নতুন সিদ্ধান্তে তার সঙ্গে আরও ৩ শতাংশ যোগ হওয়ায় হার বেড়ে ৬৩ শতাংশ হল। এর ফলে সরকারের অতিরিক্ত ব্যয়ের পরিমাণ বাড়ল ১০,০১৬ টাকা বলে, জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২৬ সালের এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকার ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল। সেই সংশোধন জানুয়ারি মাস থেকে কার্যকর হয়েছিল। এবার আরও ৩ শতাংশ বৃদ্ধির ঘোষণা হওয়ায় নতুন হারের কার্যকর হওয়ার সময় নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। বর্ধিত ডিএ গত জুলাই মাস থেকে কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ ও বকেয়া অর্থ প্রদানের বিষয়টি সরকারি নির্দেশের উপর নির্ভর করছে।

আরও পড়ুন : আর যেতে হবে না স্টেশনে! ভারতীয় রেল শুরু করতে চলেছে ডোর-টু-ডোর পার্সেল সার্ভিস
কেন্দ্রের এই ঘোষণার পর রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র সঙ্গে তুলনাও সামনে এসেছে। বিজেপি পরিচালিত রাজ্য সরকারের প্রথম বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সরকারি কর্মীদের জন্য ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। তার ফলে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার হার ১৮ শতাংশ থেকে বেড়ে ৩৮ শতাংশ হয়। অন্যদিকে, কেন্দ্রীয় কর্মীদের ডিএ তখন ছিল ৬০ শতাংশ। নতুন বৃদ্ধির ফলে সেই হার ৬৩ শতাংশে পৌঁছনোয় কেন্দ্র ও রাজ্যের মধ্যে ব্যবধান বেড়ে দাঁড়াল ২৫ শতাংশে।














