বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুমে একের পর এক পুজোয় মাতোয়ারা হয়ে থাকে বাঙালি। আসন্ন কালীপুজোর পরেই পালা জগদ্ধাত্রী পুজোর (Jagaddhatri Puja)। আর জগদ্ধাত্রী পুজো মানেই লাইমলাইটে চন্দননগর। এবার জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে পর্যটনের ক্ষেত্রেও বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। জগদ্ধাত্রী পুজোয় রিভার ক্রুজ, ফেরি সার্ভিস, প্রবীণদের জন্য বিশেষ দর্শনের ব্যবস্থার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা এবং অ্যাপের দিকেও নজর দেওয়া হচ্ছে।
চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর (Jagaddhatri Puja) প্রস্তুতি
জগদ্ধাত্রী পুজো উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় চন্দননগরে। আলোয় আলোয় আলোকিত হয়ে ওঠে শহর। দুর্গা পুজোয় চোরবাগানের ঘটনার থেকে শিক্ষা নিয়েই এবার দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে অতিরিক্ত সজাগ প্রশাসন। বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, পুজোর প্রস্তুতিতে এবার প্রশাসনের প্রতিটি দপ্তর সমন্বয় রেখে কাজ করছে।

রিভার ক্রুজের ব্যবস্থা: তিনি আরও জানান, এবার জগদ্ধাত্রী পুজোয় পর্যটনকে বিশেষ ভাবে তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে। বাইরে থেকে আসা পর্যটকদের জন্য থাকছে রিভার ক্রুজের ব্যবস্থা। পর্যটকরা বাবুঘাট থেকে চন্দননগর ঘাটে এসে প্রতিমা দর্শন করে ফিরে যেতে পারবেন। চন্দননগর থেকে ভদ্রেশ্বর পর্যন্ত ফেরি পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানা যাচ্ছে। শুধু তাই নয়, প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থাও থাকছে বলে জানান বিধায়ক।
আরও পড়ুন : ৬ থেকে ১৪ নভেম্বর বন্ধ বড়মার মন্দির, হবে না দর্শন, কালীপুজোয় কী ব্যবস্থা?
প্রবীণদের জন্য ব্যবস্থা: পরিকল্পনা অনুযায়ী, নির্দিষ্ট একটি জায়গা থেকে প্রবীণদের নিয়ে গিয়ে প্রতিমা (Jagaddhatri Puja) ও মণ্ডপ দর্শন করানোর পর আবার তাঁদের সেই নির্দিষ্ট জায়গাতেই ফিরিয়ে দেওয়া হবে। পুজোয় বিশেষ অ্যাপেরও ব্যবস্থা থাকছে। অ্যাপে বিভিন্ন পুজো মণ্ডপের তথ্য, যাতায়াতের সুবিধা অসুবিধা, প্রয়োজনীয় পরিষেবার বিষয়ে জানা যাবে।
আরও পড়ুন : একমাসে চলবে ৭৪৫ টি স্পেশ্যাল ট্রেন, ছটপুজোর ভিড় সামলাতে উদ্যোগ রেলের
পুজোর দিনগুলিতে প্রচণ্ড ভিড়ের কারণে অ্যাম্বুলেন্স চলাচলে সমস্যা দেখা দেয়। সেই সমস্যা এড়াতে এবার বাইক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে। দূর থেকে আসা দর্শনার্থীদের জন্য সেবাকেন্দ্র গড়ে তোলা, ঘাট ও রাস্তায় যাতায়াতের সমস্যা কমানোর বিষয়ে নজর দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।












