কলকাতায় বাসে উঠলেই ১৮ টাকা ভাড়া! পরিবহণমন্ত্রীর কাছে প্রস্তাব বাস মালিক সংগঠনের

Published on:

Published on:

Bus fare hike demand to Transport minister Arjun Singh

বাংলা হান্ট ডেস্কঃ বাস ভাড়া বৃদ্ধির (Bus Fare Hike) দাবিতে ফের বড় পদক্ষেপ নিল বেসরকারি বাস ও মিনিবাস মালিকেরা। কলকাতায় সাধারণ বাসের নূন্যতম ভাড়া বাড়িয়ে ১৮ টাকা করার প্রস্তাব দিয়ে পরিবহণমন্ত্রী অর্জুন সিংকে (Arjun Singh) চিঠি দিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস। সেই চিঠিতে কলকাতা ও জেলার বাস ভাড়ার একটি প্রস্তাবিত খসড়াও তুলে ধরা হয়েছে।

বাস ভাড়া বৃদ্ধির দাবিতে পরিবহণমন্ত্রীকে চিঠি | (Bus Fare Hike)

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়ের দেওয়া চিঠিতে বলা হয়েছে, ২০১৮ সালের পর থেকে রাজ্যে সরকারিভাবে বাস ভাড়া বাড়ানো হয়নি। তবে গত আট বছরে পরিস্থিতির ব্যাপক বদল হয়েছে। একাধিক পরিবহণমন্ত্রী বদলালেও বাস ভাড়া বৃদ্ধির দাবি পূরণ হয়নি।

Bus fare hike

চিঠিতে বলা হয়েছে, করোনা অতিমারির ধাক্কা সামলে ওঠার আগেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণের খরচের জেরে বেসরকারি বাস চালানো মুশকিল হয়ে পড়েছে। গত ১৪ সেপ্টেম্বর পরিবহণ দফতরে একটি স্মারকলিপি দেওয়া হয়েছিল। সেই সময় পরিবহণমন্ত্রী আশ্বাস দেন, পুজোর পর ভাড়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। সেই আশ্বাসের কথা স্মরণ করিয়ে ফের নতুন প্রস্তাব দেওয়া হল।

আরও পড়ুনঃ কলকাতার পার্কিং সমস্যা মেটাতে মাল্টি লেভেল পার্কিং ব্যবস্থা! মউ স্বাক্ষর করে ফেলল রাজ্য

বেসরকারি বাস ও মিনিবাস মালিক সংগঠনের প্রস্তাবিত ভাড়ার কাঠামো অনুযায়ী, কলকাতায় প্রথম ৪ কিলোমিটার অবধি সাধারণ বাসের ভাড়া ১৮ টাকা করার কথা বলা হয়েছে। এরপর ৪ কিলোমিটার থেকে ৬ কিলোমিটারের ক্ষেত্রে ২০ টাকা, ৬ থেকে ৮ কিলোমিটারের ক্ষেত্রে ২২ টাকা, ৮ থেকে ১২ কিলোমিটারে ২৪ টাকা, ১২ থেকে ১৬ কিলোমিটারে ২৬ টাকা, ১৬ থেকে ২০ কিলোমিটারে ২৮ টাকা ও ২০ থেকে ২২ কিলোমিটারে ৩০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়া জেলায় সাধারণ বাসের ক্ষেত্রে প্রথম ৪ কিলোমিটারে ২০ টাকা ও পরবর্তী প্রতি কিলোমিটারে ১ টাকা ২০ পয়সা হারে ভাড়া নেওয়ার দাবি জানানো হয়েছে। এক্সপ্রেস বাসের ক্ষেত্রে প্রথম ৪ কিলোমিটারে ২৫ টাকা, পরবর্তীতে প্রত্যেক কিলোমিটারে ১ টাকা ৫০ পয়সা, সাধারণ এসি বাসের ক্ষেত্রে প্রথম ৪ কিলোমিটারে ৪০ টাকা এবং ভলভো বাসের ক্ষেত্রে প্রথম ২ কিলোমিটারে ৫০ টাকা ভাড়া করার দাবি জানানো হয়েছে।

পাশাপাশি হাওড়া, আসানসোল, দুর্গাপুর, মালদহ ও দার্জিলিংয়ের মতো এলাকায় দ্রুত মিনিবাসের ভাড়া পুনর্বিন্যাস করার দাবি জানিয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস। তাঁদের দাবি, এক বছরে গড়ে ২৭০ দিন রাস্তায় বাস চালানো যায়। তবে কর্মীদের বেতন, জ্বালানি, পুলিশ কেস, টায়ার ভাড়ার মতো রোজকার খরচের পাশাপাশি তিন মাসের রোড ট্যাক্স, ব্যাঙ্কের ইএমআই, বার্ষিক ফিটনেস সার্টিফিকেট ও বিমার বিপুল ব্যয় রয়েছে। ফলে সবদিক সামলাতে গেলে বিজ্ঞানসম্মতভাবে ভাড়া বাড়ানো ছাড়া আর উপায় নেই।

এদিকে পরিবহণ দফতরের একাংশের দাবি, অনুমোদন ছাড়াই বেসরকারি বাস মালিকরা ভাড়া বাড়িয়েছেন। বর্তমানে নূন্যতম বাস ভাড়া ১৫ টাকা। এরপর দূরত্ব অনুযায়ী সর্বাধিক ১৮ টাকা নেওয়া হচ্ছে। রাজ্য সরকার এই বিষয়টি জানে। ফলে সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন পরিবহণমন্ত্রী।

বাস মালিকদের বাস ভাড়া বাড়ানোর দাবি আজকের নয়। পুজোর আগেই পরিবহণ দফতরে ৯ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল। এবার ফের সেই বিষয়টি স্মরণ করিয়ে ও ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে পরিবহণমন্ত্রী চিঠি দেওয়া হল।