এক ম্যাচে ৫৩ লাল কার্ড! আর্জেন্টিনাকে টেক্কা দিয়ে লজ্জার এই অবিশ্বাস্য রেকর্ড ব্রাজিলের ফুটবলে

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ফুটবল ইতিহাসে মাঠে ঘটনা আগে কখনও ঘটতে দেখা যায়নি! ব্রাজিলের (Brazil) মিনাস জেরাইস অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উবেরলান্দিয়া ও মামোরের ম্যাচে মোট ৫৩ জনকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বার করেছেন রেফারি ফার্নান্দো প্যাট্রিক দ্রোশগিচ মোদেস্তো। এই ঘটনা নাম তুলেছে গিনেস বুকের পাতায়।

এদিন ম্যাচে ৩-১ গোলে এগিয়ে গিয়েছিল মামোরে। সংযুক্ত সময়ে তৃতীয় গোল করার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিন গোল করে সেলিব্রেশন করার সময় প্রতিপক্ষের ডাগআউটকে উদ্দেশ করে আপত্তিজনক অঙ্গভঙ্গি করেন মামোরের খেলোয়াড় দাভি। মেজাজ হারিয়ে মাঠে ঢুকে তাঁকে ধাক্কা দেন উবেরলান্দিয়ার গোলকিপিং কোচ। এরপর দুই দলের ফুটবলাররাই হাতাহাতিতে জড়ান। খেলোয়াড়দের পাশাপাশি কর্মকর্তাদের মধ্যেও চলে সংঘর্ষ।

এরপরই ঘটে সেই নজিরবিহীন ঘটনা। ঝামেলার জেরে ৪৩ জন খেলোয়াড় এবং দুই দলের মোট আটজন কোচিং স্টাফ এবং উবেরলান্দিয়ার দুই কর্মকর্তাকে লাল কার্ড দেখান রেফারি। এর আগে ম্যাচের বিভিন্ন ঘটনায় আরও তিন খেলোয়াড় বহিষ্কৃত হয়েছিলেন। সব মিলিয়ে লাল কার্ডের সংখ্যাটি গিয়ে দাঁড়ায় ৫৩-তে! এরপর প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ করে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। সংঘর্ষের সময় ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারিকেও হুমকির মুখে পড়তে হয়।

আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনাল্ডোর! জেনে নিন পর্তুগালের জার্সিতে CR7-এর সেরা ৫ পারফরম্যান্স সম্পর্কে

এর আগে এক ম্যাচে সর্বোচ্চ ৩৬টি লাল কার্ড দেখানোর রেকর্ড ছিল আর্জেন্টিনার পঞ্চম ডিভিশনের একটি ম্যাচে। ২০১১ সালে ক্লাব অ্যাটলেটিকো ক্লে পোল ও ভিক্টরিয়ানো এরেনার্সের বিরুদ্ধে ম্যাচে ঘটেছিল ওই ঘটনা। কিন্তু ব্রাজিলের এই প্রতিযোগিতার ঘটনা সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন: পাকিস্তানের পূর্ণশক্তির দল পাত্তা পেলো না ভারতের ছোটদের কাছে! দুরন্ত জয়ে সাফ অভিযান শুরু ব্লু-টাইগার্সদের

এদিন আরও একটি অবাক করা বিষয় ঘটে। এই ঘটনার পর ম্যাচে হারের স্বাদ পাওয়ায় সেমিফাইনালের ফিরতি লেগ থেকে সরে দাঁড়িয়েছে উবেরলান্দিয়া। তাদের প্রতিপক্ষ ম্যাচ জয়ী মামোরের এরজন্য সরাসরি ফাইনালে জায়গা পেয়ে গিয়েছে।