বাংলা হান্ট ডেস্ক : উৎসবের মরশুমে দূরপাল্লার যাত্রার পরিকল্পনা করেও অনেককে শেষ মুহূর্তে টিকিটের সমস্যায় পড়তে হয়। এই পরিস্থিতিতে অতিরিক্ত যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে আরও দুটি বিশেষ পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। একটি ট্রেন ভাগলপুর থেকে দিল্লির আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত চলবে। অন্য পরিষেবাটি যুক্ত করবে পশ্চিমবঙ্গের আসানসোল ও রাজস্থানের জয়পুরকে। বিহার, বাংলা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, দিল্লি ও রাজস্থানের যাত্রীদের জন্য এই ব্যবস্থা বাড়তি সুবিধা এনে দিতে পারে।
ভারতীয় রেলের (Indian Railways) বিশেষ পরিষেবার দিনক্ষণ জেনে নিন
০৪৪৫৫ নম্বরের এই আনরিজার্ভড স্পেশাল ট্রেনটি ৮ নভেম্বর সন্ধ্যা ৭টায় ভাগলপুর থেকে ছাড়বে। গন্তব্য আনন্দ বিহার টার্মিনাল। যাত্রাপথের ক্ষেত্রে নতুন কোনও রুট ব্যবহার করা হচ্ছে না। ১২৩৬৭ নম্বর বিক্রমশিলা এক্সপ্রেস যে পথ ধরে চলে, বিশেষ ট্রেনটিও সেই পথ অনুসরণ করবে। স্টপেজের তালিকাও থাকবে একই। তবে যেহেতু এটি আনরিজার্ভড পরিষেবা, তাই যাত্রীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা থাকছে না। একবারই চলবে ট্রেনটি, ফিরতি যাত্রার জন্য এই পরিষেবা পাওয়া যাবে না।

এদিকে আসানসোল ও জয়পুরের মধ্যে চালু হওয়া বিশেষ ট্রেনটি দুই দিকেই যাত্রী পরিবহণ করবে। ০৯৭১৯ নম্বরের জয়পুর-আসানসোল স্পেশাল ৭ নভেম্বর দুপুর ১২টা ৪৫ মিনিটে রাজস্থানের জয়পুর থেকে যাত্রা শুরু করবে। পরদিন অর্থাৎ ৮ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ট্রেনটির আসানসোলে পৌঁছনোর কথা। উল্টো পথে যাতায়াতের জন্য ০৯৭২০ নম্বরের আসানসোল-জয়পুর স্পেশাল নির্ধারিত হয়েছে। ৮ নভেম্বর রাত ৯টায় আসানসোল থেকে ছেড়ে ট্রেনটি ১০ নভেম্বর রাত ৩টে ৩০ মিনিটে জয়পুরে পৌঁছবে।
আরও পড়ুন : বেতনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে পেনশন! অষ্টম বেতন কমিশনের গুরুত্বপূর্ণ হিসেব রইল
এই রুটের যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল, ট্রেনটি পথে কয়েকটি স্টেশনেও থামবে। পূর্ব রেলের অধীন চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডি স্টেশনে দু’দিকের যাত্রাতেই স্টপেজ রাখা হয়েছে। থাকছে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার এবং এসি কোচ। ফলে সাধারণ ও দূরপাল্লার যাত্রীদের জন্য একাধিক শ্রেণিতে ভ্রমণের সুযোগ থাকবে। তবে আসানসোল-জয়পুর স্পেশালের টিকিট বিক্রি কবে থেকে শুরু হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। রেল কর্তৃপক্ষ পরবর্তী বিজ্ঞপ্তিতে বুকিংয়ের সময় জানাবে বলে জানা গিয়েছে। তাই যাঁরা এই ট্রেনে যাত্রার কথা ভাবছেন, তাঁদের রেলের পরবর্তী ঘোষণার দিকে নজর রাখতে হবে।












