বাংলা হান্ট ডেস্কঃ ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে কী কী নথি প্রয়োজন, তা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল গুয়াহাটি হাই কোর্ট (High Court)। আদালত জানিয়েছে, শুধু প্যান কার্ড বা ভোটার আইডি থাকলেই কাউকে ভারতীয় নাগরিক বলে প্রমাণ করা যায় না। বিশেষ করে কোনও যাচাই করা তথ্য ছাড়া যদি এই নথি তৈরি হয়ে থাকে, তাহলে সেগুলিকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরা যাবে না। নাগরিকত্ব সংক্রান্ত একটি মামলার শুনানিতে এই কথা জানিয়েছে আদালত।
কেন এই পর্যবেক্ষণ আদালতের (High Court)?
বিচারপতি কল্যাণ রাই সুরানা এবং বিচারপতি সুস্মিতা ফুকনের ডিভিশন বেঞ্চ এক মহিলার আবেদন খারিজ করে এই পর্যবেক্ষণ দেয়। ওই মহিলা ফরেনার্স ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টের (High Court) দ্বারস্থ হয়েছিলেন। ট্রাইব্যুনাল তাঁকে ১৯৭১ সালের ২৫ মার্চের পরে ভারতে প্রবেশ করা বিদেশি বলে ঘোষণা করেছিল।

হাই কোর্ট (High Court) জানায়, প্যান কার্ড ও ভোটার আইডি নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করা যেতে পারে। তবে তার জন্য ওই নথিগুলির পিছনে থাকা মূল তথ্য ও রেকর্ড সঠিক হতে হবে। শুধু কার্ড দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যথেষ্ট নয়।
কী দাবি করেছিলেন ওই মহিলা?
ওই মহিলার দাবি ছিল, ১৯৭৭ সালের ২৫ এপ্রিল অসমে তাঁর জন্ম। নিজের দাবির পক্ষে তিনি ১৯৬৬ এবং ১৯৭০ সালের ভোটার তালিকা জমা দিয়েছিলেন। সেই তালিকায় তাঁর ঠাকুমা ও ঠাকুরদার নাম ছিল। এছাড়াও বাবার প্যান কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড এবং এনআরসি-র আবেদনপত্র আদালতে প্রমাণ হিসেবে জমা দেন তিনি। তাঁর বক্তব্য ছিল, তাঁর বাবা ভারতীয় নাগরিক ছিলেন। ভোটার তালিকায় বাবার নামও ছিল। শুধু তাই নয়, তিনি লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। গুয়াহাটিতে নির্বাচিত কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তাঁর বাবা।
কিন্তু এতগুলি নথি জমা দেওয়ার পরেও ফরেনার্স ট্রাইব্যুনাল তাঁর দাবি মেনে নেয়নি। ট্রাইব্যুনালের মতে, ওই মহিলা তাঁর বাবার সঙ্গে নিজের পারিবারিক সম্পর্কের যথেষ্ট প্রমাণ দিতে পারেননি। একইভাবে বাবা, ঠাকুমা ও ঠাকুরদার সঙ্গে তাঁর সম্পর্কও বিশ্বাসযোগ্য নথি দিয়ে প্রমাণ করা যায়নি। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের নিয়ম অনুযায়ী অসমে পরিবারের সঙ্গে বসবাসের দাবিও তিনি প্রমাণ করতে ব্যর্থ হন। এরপরই তাঁকে ১৯৭১ সালের ২৫ মার্চের পরে ভারতে আসা বিদেশি বলে ঘোষণা করা হয়।
আগের আইনজীবীর বিরুদ্ধে কী অভিযোগ?
ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাই কোর্টে (High Court) গিয়ে ওই মহিলা অভিযোগ করেন, তাঁর জমা দেওয়া নথি ও প্রমাণ ঠিকভাবে খতিয়ে দেখা হয়নি। তাঁর আরও দাবি, আগের আইনজীবী তাঁকে ভুল পরামর্শ দিয়েছিলেন। আইনজীবী জানিয়েছিলেন, আগে জমা দেওয়া কাগজপত্রই ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট।
এই কারণে মামলাটি নতুন করে শুনানির জন্য আবার ফরেনার্স ট্রাইব্যুনালে পাঠানোর আবেদন জানান তিনি। পাশাপাশি, নতুন করে সাক্ষী পেশ করার সুযোগও চেয়েছিলেন।
কেন আবেদন খারিজ করল হাইকোর্ট?
তবে মহিলার এই যুক্তি মানতে চায়নি হাই কোর্ট (High Court)। আদালতের বক্তব্য, ফরেনার্স ট্রাইব্যুনালে অতিরিক্ত প্রমাণ জমা দেওয়ার জন্য তাঁকে একাধিকবার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে প্রয়োজনীয় নথি বা সাক্ষ্যপ্রমাণ জমা দেননি তিনি।
আদালত (High Court) আরও জানায়, মামলায় নিজের আবেদনের যে ঘাটতি ছিল, পরে তা ঢাকার জন্যই ভুল আইনি পরামর্শ পাওয়ার কথা বলা হচ্ছে। তাই এই যুক্তি গ্রহণযোগ্য নয় বলে জানায় হাই কোর্ট। শেষ পর্যন্ত মহিলার আবেদন খারিজ করে দেয় আদালত।












