বাংলাহান্ট ডেস্ক: বার্ষিক ৬০ থেকে ৭০ লক্ষ টাকার চাকরি, ঝাঁ চকচকে কর্মজীবন, বিদেশে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ—সবই ছিল তাঁর সামনে। কিন্তু এত কিছু পেয়েও মন ভরেনি বিহারের (Bihar) আকাশ কুমারের। জীবনে সফলতার (Success Story) লক্ষ্য ছিল অন্য। চেয়েছিলেন সাধারণ মানুষের জন্য কাজ করতে, সমাজের পাশে দাঁড়াতে। সেই স্বপ্ন পূরণ করতেই মধ্যপ্রাচ্যের মোটা বেতনের চাকরি ছেড়ে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করেন তিনি। পথটা মোটেই সহজ ছিল না। পরিবারের একাংশের বিরোধিতা, আর্থিক অনিশ্চয়তা এবং একের পর এক ব্যর্থতা সত্ত্বেও শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছেছেন আকাশ।
আকাশ কুমারের অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story)
বিহারের পটনার কাছে কুর্থৌল গ্রামের বাসিন্দা আকাশ ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিলেন। উন্নত শিক্ষার জন্য ষষ্ঠ শ্রেণিতে তাঁকে ধানবাদে পাঠানো হয়। সেখানে তাঁর পড়াশোনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ভগ্নিপতি শশীকান্ত সিং। প্রথমে ইঞ্জিনিয়ারিং পড়ার সিদ্ধান্ত নেন আকাশ। বেঙ্গালুরুর একটি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক হওয়ার পর দিল্লি থেকে এমবিএ করেন। এরপরই মধ্যপ্রাচ্যে চাকরি পান। বার্ষিক বেতন ছিল প্রায় ৬০-৭০ লক্ষ টাকা। কিন্তু সেই চাকরি ছেড়ে দেশের প্রশাসনিক পরিষেবায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি (Success Story)।
আরও পড়ুন: মদ্যপ চালকদের ক্ষেত্রে আর অপেক্ষা নয়! ড্রাইভিং লাইসেন্স নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের
আকাশের এই সিদ্ধান্ত অবশ্য পরিবারের সবাই মেনে নিতে পারেননি। বিশেষ করে তাঁর বাবা ইউপিএসসির প্রস্তুতি নেওয়ার ঘোর বিরোধিতা করেন। এমনকি আর্থিক সাহায্য করতেও অস্বীকার করেন। তাঁর মতে, চাকরি ছেড়ে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার বদলে সেই টাকা দিয়ে জমি কেনা যেত। তবে বাবার আপত্তি সত্ত্বেও পিছিয়ে যাননি আকাশ। এই কঠিন সময়ে মায়ের সমর্থন এবং ভগ্নিপতির উৎসাহ তাঁকে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছিল।
ইউপিএসসির লড়াইয়েও বারবার বাধার মুখে পড়তে হয়েছে তাঁকে। কখনও মাত্র ০.৮ নম্বরের জন্য প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, কখনও আবার ইন্টারভিউয়ে ব্যর্থ হয়েছেন। ২০২২ সালে পরপর দু’টি ইন্টারভিউয়ে সফল হতে পারেননি তিনি। কিন্তু হাল ছাড়েননি। শেষ পর্যন্ত ২০২৩ সালে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস বা আইএফএসে নির্বাচিত হন। পরে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বা আইপিএসেও জায়গা করে নেন। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে প্রস্তুতির ধরনেও পরিবর্তন আনেন তিনি। কোচিংয়ের উপর নির্ভরতা কমিয়ে সাম্প্রতিক ঘটনা, নীতিশাস্ত্র এবং নিয়মিত উত্তর লেখার অনুশীলনে জোর দেন।

আরও পড়ুন: তীব্র গরমে ভারী পোশাকেই ডিউটি! VIP-দের নিরাপত্তায় থাকা NSG কমান্ডোদের জন্য এবার আরামদায়ক ইউনিফর্ম
আকাশের এই দীর্ঘ লড়াইয়ে স্ত্রীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আইপিএস প্রশিক্ষণের ব্যস্ততার মধ্যেও তাঁকে উৎসাহ দিতে প্রতি সপ্তাহে পটনা থেকে হায়দরাবাদে যেতেন তিনি। আকাশের মতে, ইউপিএসসির মতো পরীক্ষায় সফল হতে শুধু মেধা নয়, প্রয়োজন ধৈর্য, বাস্তববোধ এবং মানসিক দৃঢ়তা। তাঁর জীবনকাহিনি প্রমাণ করে, সাফল্যের পথ সবসময় মসৃণ হয় না। বরং বারবার ব্যর্থ হয়েও লক্ষ্যে অবিচল থাকাটাই শেষ পর্যন্ত মানুষকে গন্তব্যে পৌঁছে দিতে পারে (Success Story)।












