বাংলা হান্ট ডেস্কঃ শালবনির জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় (Sumit Roy)। সম্প্রতি তাঁকে বিষ্ণুপুরের মাটি চুরি ও দুর্নীতির মামলাতেও শোন অ্যারেস্ট করা হয়েছে। এই পরিস্থিতিতে তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এতে সুমিতের বিপদ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।
হাইকোর্টে ঝটকা খেলেন সুমিত | (Calcutta High Court)
নতুন কোনও মামলায় পুলিশ যাতে আর গ্রেফতার করতে না পারে সেই জন্য রক্ষাকবচ তথা আইনি সুরক্ষা চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন সুমিত। বৃহস্পতিবার তাঁর সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ নভেম্বর।

এদিনের শুনানিতে অভিষেকের আপ্তসহায়কের আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান, সম্প্রতি তাঁর মক্কেলকে বিষ্ণুপুরের ৪০০ কোটি টাকার মাটি চুরি ও দুর্নীতি মামলায় শোন অ্যারেস্ট করা হয়েছে। এভাবে বারবার নতুন মামলায় জড়িয়ে সুমিতের গ্রেফতারি এড়াতে আদালতের কাছে রক্ষাকবচের আবেদন জানান তিনি।
আরও পড়ুনঃ ৪ বছর ধরে আটকে থাকা প্রকল্পে গতি! হাড়ালের বাজি ক্লাস্টারের কাজ শুরু করল রাজ্য
অন্যদিকে রাজ্যের তরফে উপস্থিত আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় এজলাসে জানান, বিশেষ কারণে এদিনের শুনানিতে উপস্থিত থাকতে পারছেন না অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার। সেই কারণে রাজ্যের বক্তব্য পেশ করতে আরও কিছু সময়ের আবেদন জানানো হয়। মামলার সবদিক খতিয়ে দেখে সুমিতের রক্ষাকবচের আবেদন খারিজ করে দেন বিচারপতি ভট্টাচার্য।
এদিকে সম্প্রতি সুমিতের এনকাউন্টারের আশঙ্কা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁর স্ত্রী। তিনি দাবি করেন, তাঁর স্বামীকে ফাঁসানোর জন্য দক্ষিণ ২৪ পরগনার সরিষায় টাকা উদ্ধারের ঘটনা সাজানো হয়েছিল। নগদ টাকা উদ্ধারের ঘটনার সঙ্গে সুমিতকে জড়িত দেখানোর চেষ্টা করছে পুলিশ। তবে এর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।
এই ঘটনায় সিবিআই তদন্তের আবেদন জানিয়েছিলেন অভিষেকের আপ্তসহায়কের স্ত্রী। পাশাপাশি দ্রুত শুনানির আবেদনও জানানো হয়েছিল। সেই আবেদন খারিজ করে মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি।












