ভোটারদের জন্য বড় স্বস্তি! নাম বাদ গেলেও ফের তোলার সুযোগ, জানাল কমিশন

Published on:

Published on:

Election Commission Of India Announces New Rules for Deleted Voters

বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনেকের নাম বাদ পড়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। যাঁরা আগে থেকেই ভোটার, অথচ খসড়া তালিকায় নাম নেই, তাঁরা কীভাবে ফের নাম তুলবেন? এবার সেই বিষয়েই সুপ্রিম কোর্টে বিস্তারিত জানাল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। কমিশন জানিয়েছে, বাদ পড়া ভোটারদের নাম ফেরানোর সুযোগ দেওয়া হবে। এমনকী প্রতিটি বুথে বাদ পড়া ভোটারদের তালিকাও প্রকাশ করা হবে।

Election Commission : নাম ফেরাতে কোন ফর্ম জমা দিতে হবে?

গত ১৪ নভেম্বর সুপ্রিম কোর্টে অতিরিক্ত হলফনামা জমা দিয়ে কমিশন (Election Commission) জানায়, অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত অথবা ডুপ্লিকেট ভোটার হিসেবে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের বিষয়টি খতিয়ে দেখা হবে। এই নিয়ে ৬ নভেম্বর রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশও পাঠানো হয়েছে। যাঁরা আগের ঠিকানাতেই রয়েছেন, তাঁদের এনুমারেশন ফর্ম বা অ্যানেক্সার-এ-র সঙ্গে অ্যানেক্সার-বি জমা দিতে হবে। সেখানে আগেরবার কেন ফর্ম জমা দেওয়া হয়নি, তার কারণ জানাতে হবে। BLO, ERO বা AERO-র কাছে এই ফর্ম জমা দেওয়া যাবে। এছাড়া ECINET পোর্টালে ই-সাইন করেও অনলাইনে আবেদন করা যাবে।

Election Commission of India provided a new opportunity to get one's name added to the voter list

অন্যদিকে, যাঁরা একই রাজ্যের মধ্যে অন্য জায়গায় চলে গিয়েছেন, তাঁদের আর আলাদা করে ফর্ম-৮ জমা দিতে হবে না। তাঁদের এনুমারেশন ফর্মের সঙ্গে অ্যানেক্সার-সি জমা দিতে হবে। সেখানে নতুন ঠিকানা ও বিধানসভার নাম লিখতে হবে। সঙ্গে ঠিকানার প্রমাণপত্রও দিতে হবে। BLO, ERO অথবা AERO-র কাছে এই নথি জমা করা যাবে।

আরও পড়ুনঃ নভেম্বরেই বড় সিদ্ধান্ত! বিজেপি ও এনসিপিআই সাংসদদের তৈরি থাকার নির্দেশ কেন্দ্রের

বুথ অনুযায়ী প্রকাশ হবে নাম বাদ পড়ার তালিকা

কমিশন (Election Commission) জানিয়েছে, প্রতিটি বুথের জন্য আলাদা করে বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করা হবে। সেখানে কার নাম কেন বাদ গিয়েছে, তার সম্ভাব্য কারণও উল্লেখ থাকবে। এরপর ভোটাররা আবেদন করলে ERO নথি যাচাই করবেন। আবেদন বৈধ হলে আগের EPIC নম্বর অর্থাৎ পুরনো ভোটার কার্ডের নম্বরই দেওয়া হবে। যাঁরা ইতিমধ্যেই ফর্ম-৬ জমা দিয়েছেন, তাঁদের নতুন করে এনুমারেশন ফর্ম জমা দিতে হবে না। তাঁদের আগের আবেদনই প্রক্রিয়াকরণের মাধ্যমে বিবেচনা করা হবে।

ফর্ম-৬ নিয়ে আদালতে কী অভিযোগ?

সুপ্রিম কোর্টে মামলাকারী সমাজকর্মী অঞ্জলি ভরদ্বাজের হয়ে আইনজীবী প্রশান্ত ভূষণ ও নেহা রাঠি এবং শৈলেন্দ্র মণি ত্রিপাঠীর হয়ে আইনজীবী চাঁদ কুরেশি অভিযোগ করেন, আগে থেকেই ভোটার থাকা সত্ত্বেও খসড়া তালিকায় নাম না থাকা ব্যক্তিদের ফর্ম-৬ জমা দিতে বলা হচ্ছে। অথচ এই ফর্ম মূলত নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য। তাঁদের আশঙ্কা, ভুল ঘোষণাপত্র জমা পড়লে জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ৩১ নম্বর ধারা অনুযায়ী ফৌজদারি মামলা হতে পারে। এর জবাবে কমিশন জানায়, যোগ্য কোনও ভোটার যাতে চূড়ান্ত তালিকায় নাম তোলার সুযোগ থেকে বঞ্চিত না হন, সেই ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি একই ব্যক্তির নাম যাতে একাধিকবার না ওঠে, সেদিকেও নজর রাখা হবে।

আইটি বিভাগের কাজেও বদল আনল কমিশন

এদিকে নির্বাচন কমিশনের আইটি বিভাগের কাজের পদ্ধতিতেও পরিবর্তন এসেছে। ২ নভেম্বর নতুন ডেপুটি নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার পর ৪ নভেম্বর নতুন ওয়ার্ক অর্ডার জারি হয়। এর মাধ্যমে ২৩ সেপ্টেম্বরের আগের নির্দেশে কিছু পরিবর্তন করা হয়েছে। এখন থেকে আইটি বিভাগের কাজকর্ম দেখভাল করবেন একজন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার। বিভাগের ডিজি সংশ্লিষ্ট ফাইল তাঁর মাধ্যমেই কমিশনের কাছে পাঠাবেন।

এর আগে ডিজি ডিআইসি তদারকির ধাপ এড়িয়ে সরাসরি কমিশনের কাছে রিপোর্ট পাঠাচ্ছেন বলে অভিযোগ উঠেছিল। এই পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী।

এছাড়া কেন্দ্রীয় সফটওয়্যার নিয়েও প্রশ্ন উঠেছিল। অভিযোগ ছিল, মাঠপর্যায়ে ERO-রা যে সিদ্ধান্ত নিচ্ছেন, সফটওয়্যার কখনও সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ করছে বা তা অগ্রাহ্য করছে। এই বিতর্কের মধ্যেই আইটি বিভাগের কাজের তদারকিতে নতুন নিয়ম চালু করল নির্বাচন কমিশন (Election Commission)।