বাংলা হান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) এখন অন্যতম আলোচিত বিষয়। নতুন বেতন কাঠামো কেমন হবে, মাসিক আয় কতটা বাড়তে পারে, পেনশনভোগীদের প্রাপ্তিতে কী পরিবর্তন আসবে—এসব প্রশ্নের পাশাপাশি এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বকেয়া অর্থের হিসাব। কারণ, কমিশনের কাজ শেষ করে সুপারিশ জমা দিতে এখনও বেশ কিছুটা সময় বাকি। সেই রিপোর্ট পর্যালোচনা করে কেন্দ্রের সিদ্ধান্ত নিতে আরও সময় লাগতে পারে। ফলে ২০২৭ সালে নতুন বেতন চালু হলে তার আগের সময়ের টাকা কর্মীরা কীভাবে পাবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) কবে থেকে পাবেন এরিয়ার ?
কর্মচারী সংগঠনগুলির দাবি, নতুন বেতন কাঠামোর সুবিধা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই হিসাব করতে হবে। অর্থাৎ, বাস্তবে বর্ধিত বেতন পেতে দেরি হলেও ওই তারিখ থেকে প্রাপ্য অতিরিক্ত অর্থ যেন বাদ না যায়। এই দাবির পক্ষে সরব হয়েছেন ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির (NC-JCM) স্টাফ সাইডের সচিব এসজি মিশ্র। তাঁর বক্তব্য, কমিশনের সুপারিশ কার্যকর করতে প্রশাসনিক বিলম্ব হলে তার আর্থিক বোঝা কর্মীদের উপর চাপানো উচিত নয়। কর্মরত সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের স্বার্থের কথা মাথায় রেখে ২০২৬ সালের ১ জানুয়ারিকেই নতুন বেতন ও পেনশন চালুর ভিত্তি হিসেবে বিবেচনা করার পক্ষে মত দিয়েছেন তিনি।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের অসামরিক কর্মীদের বিভিন্ন দাবি ও সুযোগ-সুবিধা নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে NC-JCM গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন্দ্রীয় সরকার ২০২৭ সালে অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুমোদন করে নতুন বেতন কাঠামো চালু করল। কিন্তু সেই কাঠামোর কার্যকর হওয়ার তারিখ নির্ধারণ করা হল ২০২৬ সালের ১ জানুয়ারি। সেক্ষেত্রে কর্মীরা ২০২৭ সালে বর্ধিত বেতন হাতে পেলেও ২০২৬ সালের জানুয়ারি থেকে পুরনো ও সংশোধিত বেতনের মধ্যে যে পার্থক্য তৈরি হয়েছে, তা বকেয়া হিসেবে দাবি করতে পারেন। এই অতিরিক্ত অর্থ এককালীন দেওয়ার সম্ভাবনাও থাকতে পারে।
আরও পড়ুন : আরও ৫% DA বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী, বকেয়ার টাকা জমা কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে
তবে কর্মীদের এই প্রত্যাশাকে সরকারি সিদ্ধান্ত বলে ধরে নেওয়া যাবে না। কারণ, কেন্দ্র এখনও জানায়নি যে অষ্টম বেতন কমিশনের অধীনে ২০২৬ সালের জানুয়ারি থেকে বকেয়া মেটানো হবে কি না। সপ্তম বেতন কমিশনের সংশোধিত বেতন ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল। কিন্তু কর্মীরা বর্ধিত বেতন হাতে পেয়েছিলেন পরবর্তী সময়ে। ফলে কার্যকর হওয়ার তারিখ থেকে নতুন বেতন পাওয়ার মধ্যবর্তী সময়ের জন্য তাঁদের অতিরিক্ত অর্থ দেওয়া হয়েছিল। প্রায় ছয় মাসের বকেয়া মিটিয়েছিল কেন্দ্র। এই নজির থেকেই অষ্টম বেতন কমিশনেও একই ধরনের সুবিধা পাওয়ার আশা করছেন কর্মচারীরা।
পেনশনভোগীরাও বকেয়া অর্থ পাবেন কিনা এই নিয়েও বিস্তর জল্পনা চলছে। বকেয়া দেওয়ার ক্ষেত্রে কারা যোগ্য বলে বিবেচিত হবেন, কত মাসের অর্থ মেটানো হবে এবং পুরো টাকা একসঙ্গে দেওয়া হবে নাকি কিস্তিতে, সে বিষয়ে কেন্দ্রের তরফে কোনও নির্দেশিকা প্রকাশ করা হয়নি। সব মিলিয়ে, অষ্টম বেতন কমিশন ঘিরে কর্মীদের প্রত্যাশা অনেক হলেও এখনই বর্ধিত বেতন কিংবা বকেয়া পাওয়ার নিশ্চয়তা নেই।












