বাংলা হান্ট ডেস্ক : একটি সরকারি ভুলের মাশুল যে কোনও মানুষকে কতটা ভয়াবহভাবে দিতে হতে পারে, ছত্তিশগড়ের দেবীলাল গোন্ডের ঘটনা তারই দৃষ্টান্ত।ওই ব্যক্তিকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে, রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালত তাঁকে অপরাধের দায় থেকে মুক্তি দিয়েছিল, সেই খবর কারা কর্তৃপক্ষের কাছে না পৌঁছনোয় মুক্তির বদলে তাঁকে কাটাতে হয়েছে আরও সাত বছরেরও বেশি সময়। শেষ পর্যন্ত বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছতেই প্রশাসনের ভূমিকা নিয়ে কঠোর অবস্থান নিল সুপ্রিম কোর্ট।
বড় নির্দেশ সুপ্রিম কোর্টের(Supreme Court)
২০১২ সালের ডিসেম্বর মাসে খুনের মামলায় গ্রেফতার হয় দেবীলাল গোন্ড। ২০১৩ সালের আগস্টে রাজনন্দগাঁওয়ের দায়রা আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দেয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যান তিনি। অবশেষে ২০১৮ সালের ২০ জানুয়ারি ছত্তিশগড় হাইকোর্টের রায়ে সমস্ত অভিযোগ থেকে মুক্তি পান দেবীলাল। কিন্তু আদালতের এই সিদ্ধান্ত বাস্তবে কোনও পরিবর্তন আনতে পারেনি তাঁর জীবনে।

হাইকোর্টের রায়ের পরেও তাঁকে কারাগারে রেখে দেওয়া হয়েছিল। কারণ, মুক্তির নির্দেশ সংশ্লিষ্ট জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছয়নি। আদালতে নির্দোষ প্রমাণিত হওয়ার পরও দুর্গ সেন্ট্রাল জেলে বন্দি জীবন চালিয়ে যেতে বাধ্য হন তিনি। ২০২৫ সালের মে মাসে জেলের পুরনো নথি পরীক্ষা করতে গিয়ে অবশেষে এই গুরুতর অসঙ্গতি সামনে আসে। এরপর ১৯ মে তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। ততদিনে বিনা কারণে ৭ বছর ৩ মাসেরও বেশি সময় হারিয়েছেন তিনি। কারামুক্ত হওয়ার পর এই অন্যায়ের বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি নিয়ে হাইকোর্টে মামলা করেন দেবীলাল।
আরও পড়ুন : অন্নপূর্ণা যোজনা ঢুকতেই ৫০০ টাকার দাবি! বিজেপি কর্মীর বিরুদ্ধে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ
আদালত তাঁর দীর্ঘ বন্দিদশাকে বেআইনি বলে স্বীকার করলেও আর্থিক ক্ষতিপূরণ নির্ধারণ করে মাত্র ২ লক্ষ টাকা। এই সিদ্ধান্তকে অপর্যাপ্ত মনে হওয়ায় সুপ্রিম কোর্টে যান তিনি। সেখানেই মামলার গুরুত্ব বিবেচনা করে নতুন করে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়। বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ এবং বিচারপতি সঞ্জীব সচদেবার ডিভিশন বেঞ্চ জানায়, খালাস পাওয়ার সময় দেবীলালের বয়স ছিল প্রায় ২৮ বছর। অথচ জেল থেকে বেরোনোর সময় তাঁর বয়স ৩৫। অর্থাৎ জীবনের যে সময়টিতে নিজের ভবিষ্যৎ গড়ার কথা, সেই সময়ের বড় অংশই তাঁকে কারাগারে কাটাতে হয়েছে।
সুপ্রিম কোর্টের মতে, এই ঘটনা সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে নিশ্চিত ব্যক্তিগত স্বাধীনতা ও জীবনযাপনের অধিকারের গুরুতর লঙ্ঘন। শুধু আনুষ্ঠানিকভাবে কিছু টাকা দিয়ে এই ক্ষতির প্রতিকার করা সম্ভব নয়। ক্ষতিপূরণের অর্থ এমন হওয়া প্রয়োজন, যাতে ভুক্তভোগী আবার স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পান। সেই কারণেই ছত্তিশগড় সরকারকে আগামী চার সপ্তাহের মধ্যে মোট ৩০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর মধ্যে ৫ লক্ষ টাকা সরাসরি দেবীলালের সেভিংস অ্যাকাউন্টে জমা হবে। অন্য ২৫ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই আমানত থেকে প্রতি মাসে সুদ পাওয়ার ব্যবস্থা থাকবে।
আরও পড়ুন : কোন তারিখ থেকে হিসাব হবে বকেয়া বেতনের? অষ্টম পে কমিশন নিয়ে বড় দাবি
এই মামলার রায় দিতে গিয়ে বিচারব্যবস্থার আরও একটি বড় দুর্বলতার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে শীর্ষ আদালত। বেআইনি আটকের কারণে কোনও ব্যক্তি আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হলে কীভাবে এবং কোন নিয়মে তাঁকে ক্ষতিপূরণ দেওয়া হবে, সে বিষয়ে দেশে এখনও নির্দিষ্ট আইন নেই। তাই এ ধরনের পরিস্থিতিতে ক্ষতিপূরণ নির্ধারণের জন্য পৃথক আইনি কাঠামো তৈরির সুপারিশ করেছে আদালত। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনও বন্দির মুক্তির নির্দেশ কাগজপত্রের জট বা প্রশাসনিক গাফিলতিতে আটকে না যায়, তার জন্য প্রযুক্তিনির্ভর ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ হাইকোর্টের মডেল অনুসরণ করে দেশের সব হাইকোর্টকে ‘অনলাইন ক্রিমিনাল জাস্টিস ইকোসিস্টেম’ গড়ে তোলার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট।












