বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বাংলাদেশের মাটিতে ইতিহাস তৈরি করলো ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। ম্যাচে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত সুহেল ভাট (Suhail Ahmad Bhat) ও সন্দীপ মান্ডির (Sandip Mandi) জয়সূচক গোলে পাকিস্তানকে বিরুদ্ধে (India vs Pakistan) ২-১ ফলে জয় পেয়ে তারা টানা তৃতীয়বারের মতো সাফ কাপের শিরোপা জয়ের নজির স্থাপন করেছে ব্লু টাইগার্সরা। এদিন লড়াকু ফুটবল খেলে দশমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ (2026 SAFF Championship) শিরোপা ঘরে তোলার নজির গড়লো তরুণ ভারতীয় ব্রিগেড।
এই নিয়ে চলতি টুর্নামেন্টে দ্বিতীয়বার পাকিস্তানকে টেক্কা দিলো ভারতীয় ফুটবল দল। তবে গ্রূপপর্বের মতো এই ম্যাচে জয় সহজে আসেনি। প্রথমার্ধের অতিরিক্ত সময় অ্যাট্যাকিং মিডফিল্ডার আলমগীর গাজীর গোলে পাকিস্তান এগিয়ে যায়। তবে পিছিয়ে গেলেও লড়াই ছাড়েনি ভারতীয় দল। দ্বিতীয়ার্ধে তারা ম্যাচে ফেরার মরিয়া লড়াই শুরু করে।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিট নাগাদ পাকিস্তানের উইং-হাফ জুনায়েদ শাহ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। যার ফলে ম্যাচের বাকি ৩০ মিনিট পাকিস্তান ১০ জনের দলে পরিণত হয়। আর এই সুযোগই কাজে লাগান মোহনবাগান তারকা সোহাইল আহমেদ ভাট। ৬১ মিনিটে তিনি গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর ভারতকে রোখার মরিয়া চেষ্টা করে পাকিস্তান। কিন্তু লাভ হয়নি।
আরও পড়ুন: মেসিকে ছাড়া নেমেই হার! উরুগুয়ের বিরুদ্ধে চরম বিপাকে আর্জেন্টিনা
ম্যাচের ৮৭তম মিনিটে কর্ণার থেকে বক্সে ক্রস রাখেন নর্থইস্ট ইউনাইটেডের আব্দুল রবি। সেই ক্রস হেড করে জয়সূচক গোলটি করেন ইস্টবেঙ্গলের তারকা ডিফেন্ডার সন্দীপ মান্ডি। এই গোলের মধ্য দিয়ে ‘ব্লু টাইগার্স’রা এক স্মরণীয় প্রত্যাবর্তনের গল্প লিখে সাফ কাপের ইতিহাসে নিজেদের আধিপত্য আবারও প্রমাণ করল। বাকি সকল দলগুলির সিনিয়র স্কোয়াডকে টেক্কা দিয়ে ট্রফি ঘরে তুললো মূলত ভারতের অনূর্ধ্ব-২৩ স্কোয়াড।
একই সময় নিউজিল্যান্ডের সঙ্গে ক্রীড়া সম্পর্কের ১০০ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় সিনিয়র ফুটবল দলের তারকারা উড়ে গেছে কিউয়িদের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে। একই সময় এই টুর্নামেন্ট আয়োজিত হওয়ায় মূলত অনূর্ধ্ব-২৩ ফুটবল দলকেই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে বাংলাদেশ পাঠানো হয়েছিল। দুর্দান্তভাবে ম্যাচ জিতে তাদের যোগ্যতার প্ৰমাণ দিলেন ভারতের ছোটরা।












