বাংলা হান্ট ডেস্কঃ স্কুলে চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য বড় খবর। OBC এবং EWS সার্টিফিকেট নিয়ে নতুন নিয়ম জানাল স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। SLST নিয়োগে কোন সার্টিফিকেট গ্রহণ করা হবে, তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন ছিল। এবার সেই বিষয়ে নতুন নির্দেশিকা প্রকাশ করল কমিশন। ২য় SLST (IX-X ও XI-XII) এবং ১ম SLST (NTS) নিয়োগের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।
OBC ও EWS সার্টিফিকেট নিয়ে কী জানাল কমিশন (WBSSC)?
WBSSC-র নতুন নির্দেশিকা অনুযায়ী, OBC-A এবং OBC-B প্রার্থীদের ১৮ মে ২০২৬-এর আগে তৈরি করা কাস্ট সার্টিফিকেট নিয়োগের ক্ষেত্রে গ্রহণ করা হবে না। অর্থাৎ, এই প্রার্থীদের নতুন করে OBC সার্টিফিকেট তৈরি করতে হবে।

১৮ মে ২০২৬ তারিখে প্রকাশিত 945-BCW/MR-23/2026 নম্বর বিজ্ঞপ্তি মেনে উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে নতুন সার্টিফিকেট নেওয়ার কথা জানিয়েছে কমিশন। নথি যাচাই, ইন্টারভিউ এবং কাউন্সেলিংয়ের আগেই নতুন সার্টিফিকেট তৈরি করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ৩৪ বছর পর বাংলায় ফের ফাঁসির সাজা! গুড়াপের মামলায় বড় রায় হাই কোর্টের
এই বিষয়ে গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে একটি অফিস মেমোরেন্ডাম প্রকাশ করেছে WBSSC। EWS সার্টিফিকেটের ক্ষেত্রেও কিছু নিয়ম জানানো হয়েছে। ২য় SLST (AT) ২০২৫-এর জন্য ডিজিটালি সই করা EWS সার্টিফিকেটের তারিখ ১ এপ্রিল ২০২৫ থেকে ১২ আগস্ট ২০২৫-এর মধ্যে হতে হবে। অন্যদিকে, ১ম SLST (NTS) ২০২৫-এর ক্ষেত্রে সার্টিফিকেটের তারিখ হতে হবে ১ এপ্রিল ২০২৫ থেকে ১২ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে।
কমিশন (WBSSC) জানিয়েছে, নথি যাচাই, কাউন্সেলিং এবং চূড়ান্ত মেধাতালিকা তৈরির সময় এই নিয়ম মেনেই সিদ্ধান্ত নেওয়া হবে। তাই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার আগে নিজের সার্টিফিকেটের তারিখ ও বৈধতা ভালো করে দেখে নেওয়া জরুরি।












