ইস্টবেঙ্গল-মোহনবাগান যুগলবন্দীতে ভর করে পাকিস্তান বধ ভারতের! সাফ কাপে তৈরি নতুন ইতিহাস

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নৌশাদ মুসার দেখানো পথে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলির প্রথম সারির দলের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স করে দশমবারের জন্য সাফ কাপ (2026 SAFF Championship) জিতে ইতিহাস তৈরী করলো ভারতীয় দল (Indian Football Team)। মূলত আর এই জয়ের ক্ষেত্রে বড় অবদান রাখলো ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mohun Bagan)। ফাইনালের পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) পিছিয়ে গিয়েও মোহনবাগানের কাশ্মীরি তারকা সুহেল ভাট (Suhail Ahmad Bhat) ও ইস্টবেঙ্গলের বঙ্গ তারকা সন্দীপ মান্ডির (Sandip Mandi) গোলে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল।

ফাইনালে প্রথমার্ধের সংযুক্ত সময়ে পাকিস্তানের মিডফিল্ডার আলমগীর গাজির গোলে পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। কিন্তু দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে দশজন হয়ে যাওয়া পাকিস্তানের বিরুদ্ধে গোল করে ভারতকে সমতায় ফেরান মোহনবাগান তারকা সুহেল আহমেদ ভাট। আর তারপর ম্যাচের ৮৭ মিনিটে ইস্টবেঙ্গল ডিফেন্ডার সন্দীপের হেডে জয় নিশ্চিত করে ভারতীয় দল।

এরপর দু-দুটি ব্যক্তিগত শিরোপা জয়ের সম্মান পান মোহনবাগানের সুহেল। টুর্নামেন্টে ৩ গোল করা পাকিস্তানের নাজিব উল্লাহকে পেছনে ফেলে ফাইনালে গোল করে মোট ৪ গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হওয়ার কারণে তার হাতে ওঠে গোল্ডেন বুট। তার পাশাপাশি টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কারও জিতে নেন জম্বু-কাশ্মীরের এই তারকা ফুটবলার। এই পারফরম্যান্সের পর তারকা ফুটবলার সমৃদ্ধ মোহনবাগান সিনিয়র দলের একাদশে হয়তো আরও নিয়মিত হয়ে উঠবেন তিনি।

আরও পড়ুন: ফের পাকিস্তান বধ ব্লু টাইগার্সদের! বঙ্গসন্তান সন্দীপের গোলে জুনিয়র দল নিয়েই SAFF কাপ চ্যাম্পিয়ন ভারত

অপরদিকে ফাইনাল ম্যাচে দলের জয়সূচক গোলটির পাশাপাশি দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স করে ফাইনালে ম্যাচের সেরা খেলোয়াডের পুরস্কার পান ইস্টবেঙ্গল ক্লাবের বঙ্গতনয় সন্দীপ মান্ডি। ইস্টবেঙ্গলের হয়ে প্রতি ম্যাচে এখনও ছোটখাটো ভুলভ্রান্তি এড়াতে না পারা সন্দীপ হয়তো এরপর থেকে আরও দায়িত্বশীল হয়ে উঠবেন।

আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনাল্ডোর! জেনে নিন পর্তুগালের জার্সিতে CR7-এর সেরা ৫ পারফরম্যান্স সম্পর্কে

এদিন ম্যাচের পর নিজের অনুভূতি ব্যাখ্যা করতে গিয়ে সন্দীপ বলেন, “খুব ভালো লাগছে। দেশের হয়ে আর ফাইনালে গোল করাটা আলাদা একটা অনুভূতি। দারুণ লাগছে। তখন মাথায় এটাই চলছিল যে এটা শেষ মুহুর্ত, এটাই শেষ সুযোগও হতে পারে। পাকিস্তান খুব ভালো লড়াই করেছে, দশজনে ওরা খুব ভালো আক্রমণ করছিল, খুব ভালো বল রাখছিল। মাথায় এটাই ঘুরছিল যে আমরা যখনই সেটপিস পাবো তখনই সেটা কনভার্ট করতে হবে। ব্যাস এটাই করেছি। যখন দেশের হয়ে খেলছি তখন আমাকে সেই বিশ্বাসটা রাখতেই হবে। তুমি এক গোল খাও, দু গোল খাও কিন্তু তোমাকে কামব্যাক করার বিশ্বাসটা রাখতে হবে।”