বাংলা হান্ট ডেস্ক : বিচারপতিদের বিরুদ্ধে মন্তব্য করলেই আদালত অবমাননার অভিযোগে পড়তে হবে! বিচারব্যবস্থার কাজকর্ম নিয়ে এমনই একাধিক প্রশ্ন তুলে এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মুখ খুললেন ককরোচ জনতা পার্টির (CJP leader) নেতা সৌরভ দাস। কলকাতা হাইকোর্টের শো-কজ নোটিস ঘিরে যখন অভিষেককে নিয়ে রাজনৈতিক ও আইনি মহলে চর্চা চলছে, ঠিক তখনই তাঁর বক্তব্যের পক্ষে অবস্থান জানালেন সৌরভ। অতীতে যাঁর গ্রেফতারির প্রতিবাদে সোশাল মিডিয়ায় সরব হয়েছিলেন অভিষেক, এবার সেই নেতার কাছ থেকেই মিলল পাল্টা সমর্থন।
অভিষেকের সমর্থনে কি বললেন ককরোচ জনতা পার্টির নেতা (CJP Leader) সৌরভ
সোশাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান CJP-র সৌরভ। লাইভ ল’-এর প্রকাশিত প্রতিবেদনটি শেয়ার করে তিনি আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর মতে, বিচারপতিদের সমালোচনা করলেই আদালত অবমাননার অভিযোগ আনার প্রবণতা বাড়ছে। অথচ সাধারণ মানুষের মধ্যে বিচারব্যবস্থা সম্পর্কে যে অসন্তোষ তৈরি হচ্ছে, তার কারণ খুঁজে সমাধানের উদ্যোগ দেখা যাচ্ছে না।

সৌরভের কথায়, ‘নতুন এক প্রবণতা দেখা যাচ্ছে-যে ব্যক্তি বিচারপতিদের বিরুদ্ধে মুখ খুলছেন, তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হচ্ছে। অথচ যেসব সমস্যা ও অসঙ্গতি মানুষকে প্রকাশ্যে বিচারব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ করতে বাধ্য করছে, সেগুলি সংশোধন করার পরিবর্তে বিচারব্যবস্থা তাঁদেরই ক্রমাগত হেনস্থা করতে ব্যস্ত’। সৌরভ আরও বলেন, ‘কিন্তু এই কায়দা আর বেশিদিন চলবে না। আগে এই সিস্টেমের সংস্কার করুন। তারপরই আমরা আপনাদের সমালোচনা করা বন্ধ করব’!
আরও পড়ুন : ৩৪ বছর পর বাংলায় ফের ফাঁসির সাজা! গুড়াপের মামলায় বড় রায় হাই কোর্টের
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতের এই পদক্ষেপের সূত্রপাত গত ৭ নভেম্বরের একটি মন্তব্যকে কেন্দ্র করে। বিচারব্যবস্থা ও বিচারপতিদের সম্পর্কে তাঁর বক্তব্য খতিয়ে দেখে মঙ্গলবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণ রাওয়ের মতে, অভিষেকের মন্তব্য ফৌজদারি আদালত অবমাননার আওতায় পড়তে পারে। শুধু সমালোচনা নয়, বিচারপ্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টাও তাঁর বক্তব্যে প্রতিফলিত হয়েছে বলে পর্যবেক্ষণ আদালতের।
এই মামলায় অভিষেকের দ্বৈত ভূমিকার বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করেছে হাইকোর্ট। তিনি একদিকে জনপ্রতিনিধি, অন্যদিকে মামলার সঙ্গে সরাসরি যুক্ত মামলাকারী। তাই তাঁর মন্তব্যের গুরুত্ব আলাদা করে বিবেচনা করা প্রয়োজন বলে জানিয়েছে আদালত। ইতিমধ্যেই তাঁকে শো-কজ নোটিস দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তার জবাব জমা দিতে হবে। ৮ ডিসেম্বর ফের মামলাটির শুনানি হওয়ার কথা।
সৌরভ দাসের সঙ্গে অভিষেকের এই সমর্থনের সম্পর্ক অবশ্য নতুন নয়। দিল্লির যন্তর মন্তরে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে একসময় গ্রেফতার হয়েছিলেন সৌরভ ও আশুতোষ রাঙ্কা। অভিযোগ ছিল, যন্তর মন্তরের গেট টপকে ভিতরে প্রবেশ করে প্রতিবাদের অংশ হিসেবে তাঁরা তেরঙা উত্তোলন করেন। এই ঘটনার জেরে তাঁদের তিহাড় জেলে পাঠানো হয়েছিল। সেই সময় তাঁদের গ্রেফতারির বিরোধিতা করে সোশাল মিডিয়ায় সরব হয়েছিলেন অভিষেক। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। একসময় সৌরভদের মুক্তির দাবিতে সরব হয়েছিলেন অভিষেক, আর এবার অভিষেকের আইনি লড়াইয়ের সময়ে তাঁর পাশে দাঁড়ালেন সৌরভ।












