বাংলা হান্ট ডেস্কঃ স্ত্রীর ফোনের উত্তর দেননি স্বামী। এমনকি পরবর্তীতে স্ত্রীকে ঘুরিয়ে ফোনও করেননি। এই বিষয়টিকে দাম্পত্য জীবনের অশান্তির কারণ বলা গেলেও কিছুতেই বধূ নির্যাতনের (Domestic Violence) ঘটনা বলা যায় না। একটি ৪৯৮এ মামলা খারিজ করে এমনই পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
বধূ নির্যাতন মামলায় বড় পর্যবেক্ষণ হাইকোর্টের | (Calcutta High Court)
হাওড়ার বাগনান এলাকায় ঘটনাটি ঘটেছিল। ২০১৭ সালের মার্চ মাসে ওই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০২০ সালের ডিসেম্বর মাসে স্বামীর বিরুদ্ধে বাগনান থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রী। সেই অভিযোগের উপর ভিত্তি করে মামলা হয়েছিল।

পরবর্তীতে স্ত্রীর করা ওই মামলা বাতিল চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন স্বামী। বিচারপতি অজয় কুমার গুপ্তার এজলাসে সেই রিভিশন পিটিশনের শুনানি ছিল। সেই শুনানিতেই বড় পর্যবেক্ষণ করেন বিচারপতি।
আরও পড়ুনঃ জেলমুক্তির পরেই জোর ঝটকা! সন্দীপ ঘোষকে হেফাজতে চেয়ে আদালতের দ্বারস্থ ED
হাইকোর্ট জানায়, এই ঘটনায় স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের যে অভিযোগ আনা হয়েছে সেটা অত্যন্ত সাধারণ ও অস্পষ্ট। অভিযোগকারিণী মহিলা নির্যাতনের কোনও নির্দিষ্ট সময়, তারিখ, স্থান বা ধরণের উল্লেখ করেননি।
বিচারপতি গুপ্তার পর্যবেক্ষণ, অভিযোগের ক্ষেত্রে পণের জন্য হয়রানির কোনও কথা বলা হয়নি। এমনকি এমন কোনও আচরণের কথাও বলা হয়নি যা স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দিতে পারে বা তাঁর স্বাস্থ্য, অঙ্গ বা জীবনের গুরুতর ক্ষতি করতে পারে।
হাওড়ার বাগনানের এই ঘটনায় স্বামীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ও ৩৪ ধারায় ফৌজদারি মামলা দায়ের করেছিলেন স্ত্রী। সেই মামলা খারিজ করে দিয়েছেন বিচারপতি গুপ্তা। তিনি স্পষ্ট জানান, একটি ফোন না ধরা ও ইচ্ছাকৃতভাবে নির্যাতন চালানো এক নয়।
হাইকোর্টের মতে, “এই অপরাধের জন্য অভিযোগকারিণী মহিলাকে বিবাহিত হতে হবে। যিনি তাঁর স্বামী বা স্বামীর আত্মীয়দের দ্বারা নিষ্ঠুরতার শিকার হয়েছেন ও সেই নিষ্ঠুরতা ব্যাখ্যার (ক) বা (খ) ধারার মধ্যে পড়তে হবে।“
এসবের উপর ভিত্তি করে হাওড়ার বাগনানের এই ৪৮৯এ মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্ত্রীর ফোন স্বামীর না ধরা দাম্পত্য অশান্তির কারণ হলেও বধূ নির্যাতন নয় তা স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত।












