বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় কয়েকদিন আগেই সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) তথা ইডি। একটানা কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বের হন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। এবার সেই মামলাতেই তাঁকে হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন করল কেন্দ্রীয় এজেন্সি।
ফের বিপাকে সন্দীপ ঘোষ | (Sandip Ghosh)
আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের পর আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। সেই অভিযোগের ভিত্তিতে সন্দীপকে গ্রেফতার করেছিল সিবিআই। পরবর্তীতে মামলার তদন্তভার ইডির হাতে যায়।

আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর প্রায় দু’বছর জেলবন্দি ছিলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ। কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েও লাভ হয়নি। তা খারিজ করে দিয়েছিল উচ্চ আদালত। পরবর্তীতে সুপ্রিম কোর্টে তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়।
আরও পড়ুনঃ আদালতে সময় চেয়ে নেয় রাজ্য! বকেয়া DA নিয়ে অবস্থান স্পষ্ট করতে মনিটরিং কমিটির বৈঠকে নজর
সিবিআইয়ের মামলায় জামিন পেয়ে জেলমুক্তির পর গত ৪ নভেম্বর সন্দীপকে তলব করেছিল ইডি। তবে সেদিন হাজিরা না দিয়ে তদন্তকারীদের চিঠি দিয়ে ১৫ দিনের সময় চেয়েছিলেন তিনি। যদিও তাঁকে সেই সময় দেয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কয়েকদিনের মধ্যেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে দ্বিতীয়বার নোটিশ পাঠিয়ে তলব করা হয়। সেই সূত্রে গত ১০ নভেম্বর ইডি দফতরে হাজিরা দেন তিনি। একটানা কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে বেরিয়েছিলেন। এবার এই মামলাতেই তাঁকে সাতদিনের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন করল ইডি। মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ নভেম্বর।
এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “হাসপাতাল চত্বরে তাঁর হাজারও দুর্নীতির মধ্যে ইডি মাত্র একটা-দু’টো ঘটনায় তাঁকে হেফাজতে নিতে চাওয়ায় আমি দুঃখিত। আমি মনে করি সব অভিযোগ সার্বিকভাবে তদন্ত হোক। এখনও পর্যন্ত এই অভিযুক্ত সন্দীপকে আমি চিকিৎসক হিসেবে মনে করছি না। কোনও চিকিৎসকের এতটা নীচে নামা উচিত বলে আমি মনে করি না। উনি যখন অভিযুক্ত আর ইডি যদি মনে করে ওনাকে হেফাজতে নিয়ে তদন্ত করবে তাহলে করুক। এই ধরণের ব্যক্তির শ্রীঘরের বাইরে থাকা বিপজ্জনক বলে আমি মনে করি।“
এদিকে আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই একটি চার্জশিট জমা দিয়েছে ইডি। সেখানে সন্দীপ ঘোষের নাম রয়েছে। এবার সেই মামলাতেই তাঁকে হেফাজতে নিতে চেয়ে আদালতের দ্বারস্থ হল কেন্দ্রীয় এজেন্সি। এরপর এই মামলায় নতুন কোন মোড় আসে সেটাই দেখার।












