শুধু আত্মীয়দের বিদায় জানাতে বন্দে ভারতে উঠেছিলেন! তাতেই গুনতে হল ৩৬ হাজার টাকার জরিমানা

Published on:

Published on:

Family member face 36 thounsad fine to boarded in vande bharat

বাংলা হান্ট ডেস্ক : বন্দে ভারতে (Vande Bharat) সামান্য অসতর্কতার মাশুল যে কতটা বড় হতে পারে, তারই নজির মিলল উত্তরপ্রদেশে। আত্মীয়দের বিদায় জানাতে স্টেশনে এসেছিলেন পরিবারের ১২ জন সদস্য। তাঁদের ট্রেনে বসিয়ে দিতে কামরায় প্রবেশ করেছিলেন প্রত্যেকে। আর তাতেই মোটা অঙ্কের জরিমানা দিতে হল তাদের।

বন্দে ভারতে (Vande Bharat) ঠিক কী ঘটেছিল?

ঘটনাটি বেনারস-নয়াদিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের (ট্রেন নম্বর ২২৪১৫)। উত্তরপ্রদেশের কানপুর সেন্ট্রাল স্টেশনে ওই ট্রেনে উঠেছিলেন পরিবারের কয়েকজন সদস্য। তাঁদের বিদায় জানাতে বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন ১২ জন আত্মীয়। যাত্রীরা যাতে নিজেদের আসন খুঁজে পেতে অসুবিধায় না পড়েন, সেই উদ্দেশ্যে তাঁদের সঙ্গে কামরার ভিতরে ঢুকে পড়েন ওই ব্যক্তিরা। কিন্তু তাঁরা নামার আগেই ট্রেনের দরজা বন্ধ হয়ে যায়।

Family member face 36 thounsad fine to boarded in  vande bharat

বন্দে ভারত এক্সপ্রেসে দরজা খোলা ও বন্ধ করার জন্য বিশেষ স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করা হয়। নির্দিষ্ট স্টেশনে ট্রেন দাঁড়ালে দরজা খোলার ব্যবস্থা থাকে। নির্ধারিত সময় শেষ হলে তা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ফলে একবার ট্রেন চলতে শুরু করার পর যাত্রীদের পক্ষে নিজের ইচ্ছেমতো দরজা খোলা সম্ভব নয়। কানপুর ছাড়ার পরই নিজেদের ভুল বুঝতে পারেন ওই ১২ জন। ট্রেনকর্মীদের কাছে সাহায্য চেয়েও কোনও লাভ হয়নি।

আরও পড়ুন : আদালতে সময় চেয়ে নেয় রাজ্য! বকেয়া DA নিয়ে অবস্থান স্পষ্ট করতে মনিটরিং কমিটির বৈঠকে নজর

হঠাৎ করে যাত্রা শুরু হয়ে যাওয়ায় বিপাকে পড়েন ওই ব্যক্তিরা। আচমকা এমন পরিস্থিতির মুখে পড়ে অনেকেই আতঙ্কিত হয়ে যান। কেউ কেউ ট্রেনকর্মীদের কাছে আপত্তি জানান। কামরার ভিতরে কিছুটা উত্তেজনাও তৈরি হয়। কিন্তু চলন্ত ট্রেনের দরজা খোলা বা মাঝপথে ট্রেন থামিয়ে তাঁদের নামানোর কোনও ব্যবস্থা করা যায়নি।ফলে কানপুর থেকে প্রায় ১৩৯ কিলোমিটার দূরের ইটাওয়া পর্যন্ত ট্রেনেই থাকতে হয় তাঁদের। সেখানে পৌঁছনোর পর রেলকর্মীরা ওই ১২ জনকে নামিয়ে দেন।

এরপর বিনা টিকিটে যাত্রার দায়ে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। জরিমানার পরিমাণ দাঁড়ায় ৩৬ হাজার টাকা। এই ঘটনা নিয়ে উত্তর মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবম শর্মা জানিয়েছেন, “বন্দে ভারত ট্রেনগুলিতে স্বয়ংক্রিয় দরজা রয়েছে এবং অনুমতি ছাড়া কোচের ভেতরে প্রবেশ করা নিষিদ্ধ । ওই ১২ জন ব্যক্তি তাঁদের আত্মীয়দের সি-অফ করতে কোনও প্ল্যাটফর্ম টিকিট ছাড়াই ট্রেনে উঠে পড়েছিলেন । ইটাওয়া স্টেশনে তাঁদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় এবং রেল কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জরিমানাও ধার্য করেছে।”

রেলের নিয়ম অনুযায়ী, কাউকে ট্রেনে তুলে দেওয়ার জন্য প্ল্যাটফর্মে প্রবেশ করলেও প্রয়োজনীয় টিকিট থাকা বাধ্যতামূলক। কিন্তু সেই নিয়ম না মেনেই কামরায় উঠে পড়ার পরিণতি ভোগ করতে হল ১২ জনকে। আত্মীয়দের বিদায় জানাতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে, তা হয়তো কল্পনাও করেননি তাঁরা। রেলের নিরাপত্তা বিধি এবং প্ল্যাটফর্মে প্রবেশের নিয়ম সম্পর্কে যাত্রী ও তাঁদের পরিজনদের সচেতন থাকার প্রয়োজনীয়তাই আরও একবার সামনে আনল এই ঘটনা।