বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আসন্ন আইপিএলে (IPL 2027) টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ওপেনিং জুটি ‘ট্র্যাভিষেক’-এর সার্ভিস পাবে না সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad)। অভিষেক শর্মা (Abhishek Sharma) থাকলেও পরের বছর অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ট্র্যাভিস হেডকে (Travis Head) কমলা জার্সিতে ছক্কা হাঁকাতে দেখা যাবে না। বিষয়টি সামনে আসার পরই আফসোস শুরু হয়ে গিয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
আগামী বছর রয়েছে ওডিআই বিশ্বকাপ। তার পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজও খেলবে অস্ট্রেলিয়া। তাই নিজেকে চাপমুক্ত ও তরতাজা রাখতে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন হেড। অজি ওপেনার নিজের সিদ্ধান্ত স্পষ্ট করে দেওয়ার পর তাকে রিলিজ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স ম্যানেজমেন্ট।

গত তিন বছর ধরে একসাথে আইপিএলে ওপেন করছেন হেড ও অভিষেক জুটি। ২০২৩ সালে ভারতকে কাঁদিয়ে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ ফাইনাল জেতানোর পরে প্রতিষ্ঠিত তারকা হিসেবে দলে এসেছিলেন হেড। তার পাশাপাশি ব্যাটিং করতে করতে নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠা করেছিলেন অভিষেক। তাদের জুটি ভাঙার খবর নিশ্চিত হওয়ার পর হেডের উদ্দেশ্যে ছোট্ট এক বার্তায় অভিষেক লিখেছেন, “সবকিছুর জন্য ধন্যবাদ হেডি।”
আরও পড়ুন: শ্রেয়স আইয়ারের নেতৃত্বের চরম প্রশংসা রবি শাস্ত্রীর! ৩৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ভারত অধিনায়ক
এই বিধ্বংসী ইন্দো-অজি জুটি মোট ৪২টি ইনিংসে একসাথে ওপেন করে ৪৬.১৪ গড়ে ১,৮৯২ রান সংগ্রহ করেছে। তার মধ্যে সামিল রয়েছে ছয়টি শতরানের পার্টনারশিপ এবং অন্তত ৫০ অতিক্রম করা নয়টি পার্টনারশিপ। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ওপেনিং জুটিতে কেবল শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নারই এদের চেয়ে বেশি রান করেছেন।
আরও পড়ুন: গত ৫ বছরে তিনবার দল বদল! ফের একবার IPL-এর মঞ্চে নতুন জার্সিতে দেখা যাবে শামিকে
তবে হেড ও অভিষেকের ঝুলিতে রয়েছে একটি অনন্য রেকর্ড যা অন্য কোনও জুটির নেই। অন্তত ১,০০০ রান সংগ্রহ করা জুটিগুলোর মধ্যে তাদের ওভার প্রতি রান রেট আইপিএল ইতিহাসের সেরা। প্রতি ওভারে ১২.৪৬ গড়ে রান তোলে এই জুটি যা এককথায় অবিশ্বাস্য। হেড নিজে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে ৪৩টি ম্যাচ খেলে ট্রাভিস হেড ১,৩৫১ রান করেছেন। এই সময়ে তাঁর গড় ছিল ৩২.৯৫ এবং স্ট্রাইক রেট ছিল ১৭৬.১৪। আগামী আইপিএলে নিশ্চিতভাবে তাকে মিস করবে অরেঞ্জ আর্মি।












