বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মীদের (Government Employees) অফিসে হাজিরা দেওয়ার নিয়মে বড় পরিবর্তন আসছে। এতদিন হাজিরা খাতায় সই করে অফিসে উপস্থিতি জানাতে হতো। এবার সেই নিয়ম বদলে যাচ্ছে। নতুন ব্যবস্থায় মুখের ছবি দিয়েই হাজিরা দিতে হবে কর্মীদের। আগামী ১ ডিসেম্বর থেকে এই নিয়ম চালু হচ্ছে।
১ ডিসেম্বর থেকে সরকারি কর্মীদের (Government Employees) জন্য চালু হচ্ছে নতুন নিয়ম
কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের অধীনে থাকা আধিকারিক ও কর্মীদের (Government Employees) জন্য এই নিয়ম চালু করা হচ্ছে। ১৮ নভেম্বর জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে হাজিরা দিতে হবে। ফেসিয়াল রেকগনিশন বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম বা এফআরবিএএস-এর সাহায্যে কর্মীদের উপস্থিতি নথিভুক্ত করা হবে।

১ ডিসেম্বর থেকে এই ব্যবস্থা বাধ্যতামূলক হচ্ছে। ওই দিন থেকেই বন্ধ হয়ে যাবে পুরনো হাজিরা খাতা। অর্থাৎ, আর খাতায় সই করে উপস্থিতি জানানোর সুযোগ থাকছে না।
আরও পড়ুনঃ ডিসেম্বরে বিধানসভার শীতকালীন অধিবেশন, স্বাস্থ্য থেকে বিধায়কদের ভাতা, কী কী বিল আনছে সরকার?
কারা থাকবেন এই নিয়মের আওতায়?
শুধু দপ্তরের প্রধান কার্যালয়ের কর্মীরাই নন, এর অধীনে থাকা সমস্ত ডিরেক্টরেট এবং স্বশাসিত সংস্থার কর্মীদেরও এই নিয়ম মানতে হবে। রাজ্য, আঞ্চলিক ও জেলা স্তরের অফিসগুলিতেও এই ব্যবস্থা চালু করতে বলা হয়েছে। শিক্ষক এবং অশিক্ষক, সব ধরনের কর্মীকেই এর আওতায় আনা হবে। সেই কারণে দ্রুত কর্মীদের নাম নথিভুক্ত করার কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
দেরি করে অফিসে এলেও থাকবে রেকর্ড
নতুন ব্যবস্থায় শুধু কর্মীরা (Government Employees) অফিসে এলেন কি না, সেই হিসাবই রাখা হবে না। কে দেরি করে অফিসে ঢুকছেন, কে অনুপস্থিত থাকছেন, কার ছুটি রয়েছে, সেই তথ্যও অ্যাপে নথিভুক্ত হবে।এছাড়াও কর্মীদের চাকরি সংক্রান্ত অন্যান্য বিষয়েও এই তথ্যের ভিত্তিতে নজর রাখা হবে। ফলে কর্মীদের হাজিরার পাশাপাশি তাঁদের কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়েও এই ডিজিটাল রেকর্ড কাজে লাগবে।
অ্যাপে সমস্যা হলে কী করতে হবে?
অ্যাপের মাধ্যমে হাজিরা দিতে গিয়ে কোনও সমস্যা হলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। নির্দেশিকায় এই কথাও বলা হয়েছে। প্রশাসনিক মহলের মতে, সরকারি অফিসে হাজিরার হিসাব আরও স্বচ্ছ রাখতে এবং কর্মীদের (Government Employees) কাজে জবাবদিহি বাড়াতেই এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। তবে আপাতত কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের অধীন অফিস ও প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হচ্ছে।












