হকারদের দেওয়া হবে বিশেষ ই-কার্ট! পুনর্বাসন নিয়ে সরকারের পরিকল্পনা জানালেন অগ্নিমিত্রা

Published on:

Published on:

Agnimitra Paul reveals State Government plan for hawker rehabilitation

বাংলা হান্ট ডেস্কঃ পালাবদলের পরপরই হকার উচ্ছেদ নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। সরকারের (Government of West Bengal) ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এবার সেই হকারদের পুনর্বাসন নিয়ে বড় পরিকল্পনা করছে রাজ্য সরকার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের স্বনিধি সম্মান পাওয়ার পর এই বিষয়ে জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

হকারদের নিয়ে রাজ্যের পরিকল্পনা জানালেন অগ্নিমিত্রা | (Agnimitra Paul)

হকারদের জন্য কেন্দ্রের একটি প্রকল্প হল স্বনিধি। ভালো কাজের জন্য দুর্গাপুর এই সম্মানে ভূষিত হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে বৈঠকের পর পুরমন্ত্রী জানান, কলকাতা, শিলিগুড়ি সহ রাজ্যের একাধিক শহরে স্ট্রিট ফুড হাব তৈরি হতে চলেছে। এক ছাদের তলায় স্থানীয় নানা জনপ্রিয় স্ট্রিট ফুড পাওয়া যাবে।

Agnimitra Paul

অগ্নিমিত্রার দাবি, সারা দেশের প্রায় ৩০ থেকে ৩৫টি জায়গায় স্ট্রিট ফুড হাব রয়েছে। তবে পশ্চিমবঙ্গে এখনও একটিও নেই। সেই ঘাটতি দূর করতে কলকাতা, হাওড়া, বিধাননগর, শিলিগুড়ি ও আসানসোল-দুর্গাপুরে স্ট্রিট ফুড হাব তৈরির পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুনঃ সড়কপথে দিঘা-মন্দারমণি যাওয়া আরও সহজ! ২৫৫ কোটি খরচে হলদি নদীর উপর তৈরি হচ্ছে নতুন সেতু

পুরমন্ত্রী জানান, প্রত্যেকটি হাব তৈরিতে প্রায় ৪ কোটি টাকা খরচ হতে পারে। একই ছাদের তলায় এলাকার জনপ্রিয় খাবার বিক্রেতাদের খাবার পাওয়া যাবে। এতে যেমন ক্রেতারা একই জায়গায় নানা ধরণের খাবার পাবেন, তেমনই হকারদেরও বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এছাড়া অগ্নিমিত্রা জানান, হকারদের বিশেষ ই-কার্ট দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। সেই কার্টের উপর সোলার প্যানেল থাকবে। সেই সৌরশক্তি চালিত ইনডাকশনে রান্না করা যাবে। সংশ্লিষ্ট বিক্রেতার পেশা ও প্রয়োজন অনুসারে এই ই-কার্টগুলি কাস্টমাইজ করা যাবে।

পাশাপাশি উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসন সম্বন্ধে পুরমন্ত্রী বলেন, টাউন ভেন্ডিং কমিটির তৈরি তালিকা ধরে সরকার এগোবে। ইতিমধ্যে কলকাতা ও বিধাননগরের নথিভুক্ত হকারদের তালিকা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। যেসব হকারের নাম সরকারি পোর্টালে নথিভুক্ত রয়েছে, পুনর্বাসনের ক্ষেত্রে তাঁরা অগ্রাধিকার পাবেন।

অগ্নিমিত্রা জানান, প্রয়োজন অনুসারে হকারদের স্বনিধি প্রকল্পের সুবিধা, ই-কার্ট ও প্রশিক্ষণ দেওয়া হতে পারে। তবে ফুটপাথ দখল করে সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি করা যাবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

বুধবার নবদিগন্ত ভবনে নবদিগন্ত ইমপ্রুভমেন্ট ট্রাস্টের আধিকারিকদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এরপর নবদিগন্ত ইমপ্রুভমেন্ট ট্রাস্টের আধিকারিকদের সঙ্গে ‘নগর উদ্যম’ নামের অত্যাধুনিক স্টলগুলি পরিদর্শন করেন। এবার হকার পুনর্বাসন নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনা জানালেন তিনি।