বাংলাহান্ট: বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে জোর চর্চা চলছে রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) মধ্যে। এরই মাঝে নয়া বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। রাজ্যের মৃত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের পরিবারগুলিকে স্বস্তি দিয়ে বিজ্ঞপ্তি জারি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের। জানানো হয়েছে, বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ এবং মহার্ঘ ত্রাণ বা ডিআর (DA-DR) পাওয়ার আবেদনের ক্ষেত্রে সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে।
বকেয়া ডিএ পেতে বাড়ল আবেদনের সময় | Dearness Allowance
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এক্ষেত্রে সময়সীমা আরও ৯০ দিন বাড়ানো হয়েছে। উল্লেখ্য, এর আগে ২৩ মার্চ জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এটি প্রকাশের ১৮০ দিনের মধ্যে যোগ্য নমিনি বা আইনগত উত্তরাধিকারীদের প্রয়োজনীয় নথি ও ব্যাঙ্কের তথ্য-সহ আবেদন জমা করার জন্য। সেই সময়সীমা এবার আরও বেশ কিছুটা সময়ের জন্য বৃদ্ধি করা হল।

জানিয়ে রাখি, এই বকেয়া অর্থ পাওয়ার প্রক্রিয়া প্রয়াত কর্মী বা পেনশনভোগীদের নমিনি ও আইনগত উত্তরাধিকারীদের জন্য ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়ার অংশ মেটাচ্ছে রাজ্য সরকার। ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের পঞ্চম পে কমিশনের আওতায় ডিএ ও ডিআর রয়েছে এর আওতায়।
আরও পড়ুন: আকভানের বৃষ্টিতে সর্বনাশের আশঙ্কা! কৃষকদের ক্ষয়ক্ষতি রিপোর্ট চেয়ে নির্দেশ দিল নবান্ন
প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করার ক্ষেত্রে পদ্ধতিগত বিলম্ব হওয়ার অনেক মৃত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের পরিবারগুলির ক্ষেত্রে পূর্বে দেওয়া সময় সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল। বকেয়া বণ্টনের অগ্রগতি খতিয়ে দেখার পরই এই সময় আরও ৯০ দিন অর্থাৎ প্রায় তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাইটার্স বিল্ডিংসের পেনশন শাখা থেকে এই মর্মে রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিবের সই করা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, সময়সীমা বৃদ্ধি করা হলেও বাকি আর কোনও নিয়মে বদল আনা হয়নি। ২৩ মার্চ জারি করা বিজ্ঞপ্তির অন্য সব শর্ত ও নিয়ম অপরিবর্তিত থাকছে।












