বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যাট হাতে আপাতত দুর্দান্ত ছন্দে রয়েছেন ভারতীয় দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পরেও তিনি ব্যাট হাতে খারাপ ফর্মের কারণে বাদ পড়েছিলেন ভারতীয় দল থেকে। কিন্তু মুম্বাইয়ের জার্সিতে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে চোখ ধাঁধানো পারফরম্যান্স করছেন এই তারকা ব্যাটার। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI), ভারতীয় দল থেকে তাকে বাদ দেওয়ায় মনে অনেকটাই আঘাত পেয়েছিলেন তিনি। কিন্তু তিনি পারফরম্যান্স করে ফের জাতীয় দলে ফিরতে আগ্রহী।
চলতি সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে মুম্বাইয়ের জার্সি গায়ে দারুণ ফর্মে রয়েছেন এই তারকা ব্যাটার। একের পর এক বিধ্বংসী পারফরম্যান্সের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দাবিকে আরও জোরালো করে তুলেছেন। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে মুম্বাইকে নেতৃত্ব দেওয়া সূর্যকুমার ১৪ই নভেম্বর হায়দ্রাবাদের বিরুদ্ধে দুর্দান্ত এক ইনিংস খেলে নিজের ফর্মে ফেরার ইঙ্গিত দেন। তিনি প্রথম ম্যাচে মাত্র ২১ বলে অপরাজিত ৬০ রান করেন। তার এই ইনিংসের সুবাদে মুম্বাই ১৭৩ রানের লক্ষ্য ১৪ ওভারেই তাড়া করে সাত উইকেটে জয় তুলে নেয়। এরপরের ম্যাচে গুজরাটের বিরুদ্ধে তিনি ছিলেন আরও বিধ্বংসী। ওই ইনিংসে তিনি মাত্র ২৯ বল খেলে ৮২ রান করেন। তার ওই ইনিংসের সুবাদে মুম্বাই ১৯৯ রানের লক্ষ্য তাড়া করে মাত্র ১৫.৪ ওভারে, পাঁচ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে গোয়ার বিরুদ্ধে বড় ইনিংস খেলতে না পারলেও মাত্র ১২ বলে ২৫ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন তিনি।

কিন্তু সম্প্রতি যে খবর সামনে এসেছে তাতে মন ভেঙেছে সূর্যকুমার ভক্তদের। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই সূত্রের খবর, ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করা সত্ত্বেও সূর্যকুমার যাদবকে ভারতের সীমিত ওভারের দলে ফিরিয়ে আনার বিষয়টি আর নির্বাচকদের পরিকল্পনায় নেই। সূত্রটি সূর্যকুমারের কঠোর পরিশ্রম ও ঘরোয়া ক্রিকেটে তাঁর অবদানের কথা স্বীকার করলেও, ভারতের টি-টোয়েন্টি দলে তার ফের জায়গা পাওয়ার ক্ষেত্রে যে সীমাবদ্ধতা রয়েছে, তার কথা তুলে ধরেছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ও নিয়মিত খেলোয়াড়কেই দলে জায়গা দিতে নির্বাচকদের হিমশিম খেতে হচ্ছে।
আরও পড়ুন: কোনও ভারতীয় তারকার নেই, এমন কীর্তি গড়ে গেলেন লোকেশ রাহুল! চালকের আসনে গম্ভীরের ভারত
চলতি বছরের শুরুর দিকে ভারতকে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর অভিযানে নেতৃত্ব দিলেও, দীর্ঘ সময় ধরে ব্যাট হাতে ফর্মের অভাবে ভোগার কারণে সূর্যকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়। এই আগ্রাসী ভারতীয় ব্যাটার গত বছর কোনও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে হাফসেঞ্চুরিও হাঁকাতে ব্যর্থ হন। এমনকি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পথেও প্রথম সারির দলগুলোর বিরুদ্ধে তিনি কোনও ম্যাচে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। তার এই বাজে ফর্ম অব্যাহত থাকে আইপিএল ২০২৬-এও, যেখানে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৩ ইনিংসে মাত্র ২০.৭৭ গড়ে মোট ২৭০ রান সংগ্রহ করেন।
আরও পড়ুন: শচীনকেও ভারতীয় দল থেকে ছেঁটে ফেলতো! BCCI ও কোচ গম্ভীরের ওপর ক্ষোভ প্রকাশ প্রাক্তন তারকার
বিসিসিআইয়ের এই সূত্র নাম গোপন রাখার শর্তে জানিয়েছে, “আপাতত আমাদের দল গঠনের পরিকল্পনায় সূর্য নেই। সাদা বলের ক্রিকেটে আমরা যশস্বী জয়সওয়ালের মতো যোগ্য তরুণের জন্যও কোনও জায়গা করে দিতে পারছি না। হ্যাঁ, সূর্য কঠোর পরিশ্রম করছে এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে ভালো পারফর্মও করছে। তবে প্রশ্ন হলো, বর্তমান ভারতীয় দলে তাকে কোথায় জায়গা দেওয়া যায়? এই মুহূর্তে আসলে কোনও জায়গাই খালি নেই। আমরা যখন যশস্বী জয়সওয়ালের মতো একজন তরুণ খেলোয়াড়কেই সাদা বলের দলে জায়গা দিতে পারছি না, তখন বর্তমান দল গঠনে সূর্য কোথায় মানিয়ে নেবে? সব মিলিয়ে, বর্তমান পরিস্থিতিতে আমরা তাকে দলে নেওয়ার কথা বিবেচনা করছি না।”












